প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মধ্য রাতে গ্যারেজে পার্কিং করা অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলকারী আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে, যখন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে পার্কিং করা ছিল আনন্দ পরিবহনের একটি বাস। ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১-৪০৩৮।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাতে আলিফ গ্যারেজে বাসটি পার্কিং করে চালক ও হেলপার চলে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। তখন গ্যারেজের কর্মচারী সানি এবং অন্যান্য লোকজন বিষয়টি দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১০-১২ মিনিটের মধ্যে তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট ও জানালা পুড়ে গেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সময় সংবাদকে জানিয়েছেন, বিষয়টি সন্দেহজনক। বাসে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়েছিল। তবে কোনো দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন ধরনের তথ্য তারা পাননি।
ওসি আরও বলেন, এর আগে একই স্থানে একই মালিকের আনন্দ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। গত রাতেও সেখানে আরও ৪/৫টি বাস পার্কিং করা ছিল। অন্য কোনো বাসে আগুন না দিয়ে তার বাসেই আবারও আগুন দেওয়া হয়েছে। এতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সন্দেহ সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে, যদি মালিকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, তারা বিষয়টি শুনেছেন। এর আগে একই পরিবহনের বাসে এ ধরনের ঘটনা ঘটেছিল। এটি পরিকল্পিত কিনা তা তারা খতিয়ে দেখছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন