প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার লাকসামের নাওটি রেলস্টেশনে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া নিশ্চিত করেছেন যে ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।
এর আগে, বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে এবং বগিগুলো কাত হয়ে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন, তবে কেউ নিহত হননি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ ও রেজওয়ানুল ইসলাম এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।
এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী রেলওয়ে জংশনে কর্মরত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্ণফুলী কমিউটার ট্রেনের চালক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, নাওটি রেলস্টেশনে রেললাইন মেরামতের কাজ চলার বিষয়ে তাঁকে কোনো তথ্য জানানো হয়নি। নাঙ্গলকোট রেলস্টেশন থেকে লাইন ক্লিয়ার পাওয়ার পর ট্রেনটি ছেড়ে আসে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাঁদের দায়ী পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন