প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসলিম উদ্দীন একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নে ৩৩ শতক জমিতে ‘সর্জন’ পদ্ধতিতে পেঁপে চাষের পাশাপাশি মরিচ ও কচু আবাদ করে ইতোমধ্যে লাভবান হয়েছেন। তার এই উদ্যোগে স্থানীয় অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন।
মুসলিম উদ্দীনের জমিতে সারি সারি পেঁপে গাছ দেখা যাচ্ছে। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ঝুলছে পাকা ও আধাপাকা পেঁপে। পেঁপে গাছের সাথে সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে বারোমাসি মরিচ। আর জমির নিচু নালায় রোপণ করা হয়েছে কাঠকচু। ফলে একই জমি থেকে তিনটি ফসল উৎপাদন করছেন তিনি।
কৃষক মুসলিম উদ্দীন জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ৩৩ শতক জমিতে স্বজন পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। জমির উঁচু বেডে পেঁপে, বেড়ের দুপাশে মরিচ এবং নিচু নালায় কচু চাষ করছেন। ইতোমধ্যে মরিচ ও কচু বিক্রি করে ভালো আয় হয়েছে। পেঁপের ফলনও ভালো হয়েছে। সব মিলিয়ে পেঁপে থেকে প্রায় ৫ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, ‘একটি জমিতে তিনটি ফসল চাষ করতে পারায় উৎপাদন খরচ কমছে এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে। এই পদ্ধতিতে ভালো ফলন পাওয়ায় আমি খুবই আশাবাদী।’
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, মিরসরাই উপজেলায় সর্জন পদ্ধতিতে চাষাবাদের জন্য চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মধ্যে মুসলিম উদ্দীনের জমিটিও একটি। তিনি পেঁপের সঙ্গে সহফসল হিসেবে মরিচ ও কচু চাষ করছেন।
তিনি আরও বলেন, সর্জন পদ্ধতিতে নিচু জমিকে উঁচু করে বেড তৈরি করা হয় এবং মাঝখানে নিচু নালা রাখা হয়। এতে বেডে বিভিন্ন সবজি বা ফসল এবং নালায় কচু ও মাছ চাষের সুযোগ থাকে। একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি জমিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
মুসলিম উদ্দীনের এই উদ্যোগ দেখে মিরসরাইয়ের অন্যান্য কৃষকরাও সর্জন পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন