প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতলে অব্যাহত পরিবর্তন ঘটছে। এর ফলে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার সর্বশেষ পানি সমতল পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী ও লালমনিরহাট জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য কেন্দ্রটি অনুরোধ জানিয়েছে।
এর আগে বেলা ১২টায় জানানো হয়েছে, আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কিছু নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য জেলার কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়ে গেছে। তবে উভয় নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিনে এ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গঙ্গা-পদ্মা অববাহিকায়ও আগামী পাঁচ দিনে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নদীগুলোর পানি আপাতত বিপদসীমার নিচে থাকতে পারে।
সুরমা-কুশিয়ারা অববাহিকায় ২৪ ঘণ্টায় পানি কমেছে। কিন্তু কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট সতর্কসীমায় রয়েছে। আগামী দুই দিনে এ অববাহিকার পানি আবার বাড়তে পারে।
উত্তরাঞ্চলে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট সতর্কসীমায় রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি আগামী দুই দিনে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঢাকা ও আশপাশের তুরাগ, টঙ্গীখাল, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদীর পানি বিপদসীমার নিচে থেকেও মোটামুটি স্থিতিশীল থাকতে পারবে।
পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এসব নদীর পানি কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু জেলায় বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি বিরাজ করতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও দ্রুত বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নদী সতর্কসীমা স্পর্শ করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন