প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সদস্য হিসেবে পরিচিত।
স্থানীয় লোকজন ও তার স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায় তিনি বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর সন্ধান না পাওয়ার কারণে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।
থৈ অংগ্য জানান, শনিবার ভোরবেলা থেকে তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধান শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত তার লাশটি পাওয়া যায়।
তিনি আরো জানান, বাবার কপালে জখমের চিহ্ন রয়েছে এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন