প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ক্ষমতায় এলেই আওয়ামী লীগ দেশের সবকিছু নিজেদের নামে করে নেয়, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এসময় দাবি করেন, আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়া শহরে উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে শহরের হোটেল মমো-ইনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করা যাবে না। যেখানে, যে সময়ে যা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে এবং ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করে ফেলে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাস কখনও ক্লোজ বা শেষ হয়ে যায় না। নতুন নতুন তথ্য সামনে আসবে এবং সেই তথ্যের ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হবে। ইতিহাসকে রাজনীতি দিয়ে পরিচালিত করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও সঠিক মূল্যায়নের দায়িত্ব ঐতিহাসিকদের।
মন্ত্রী উল্লেখ করেন, বিএনপি কখনও ভোট ছাড়া ক্ষমতায় আসেনি। বাংলাদেশের যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি নির্বাচন জিতে সরকার গঠন করেছে। মানুষের বিএনপির ওপর আস্থা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে অনেক ধরনের কথা হয়েছে এবং বিভিন্ন দল নানা কৌশল নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিয়েছে। মানুষ বিশ্বাস করে, বিএনপি দেশ পরিচালনা করতে পারে।
মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, গত ছয় মাসে তারেক রহমান নেতৃত্বের মাধ্যমে শৃঙ্খলার নজির স্থাপন করেছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। জনগণের রাজস্বের টাকায় যাদের বেতন হয়, তাদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়ের কাজকর্ম মাইক্রো লেভেল পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রকৌশলীর কাছ থেকে থাকা তথ্যও তিনি মন্ত্রীর কাছে জানতে চান। এর ফলে মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের সর্বস্তরের কার্যক্রম সম্পর্কে প্রস্তুত থাকছেন।
মন্ত্রী এসময় জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই তারেক রহমান দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এমন আশাবাদ রয়েছে।
বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করবেন, তারা সিটি করপোরেশনের করেও ছাড় পাবেন।
মন্ত্রী জানান, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এছাড়াও সেমিনারে ১০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সেমিনারে উত্তরাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন