প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের জন্য মাদারীপুরে ছিল উৎসবমুখর অবস্থা। সকাল থেকেই আষাঢ়ের অবিরাম বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাতে ফুল, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করেন।
আকাশের উপর কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো বিশাল অঝোর ধারায়। কিন্তু সেই বৈরী আবহাওয়া নেতা-কর্মীদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় থেকেছেন।
সকালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে মুহূর্তেই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
পাঁচ্চর, বন্দরখোলা, সন্ন্যাসীরচর, দত্তপাড়া ও সূর্যনগর এলাকা অতিক্রম করার সময় লাল-সবুজের পতাকাবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব প্রদান করেন। তার সেই অভিবাদনে উচ্ছ্বাসে ফেটে পড়েন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ।
ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বাদ্যযন্ত্রের সুরে স্লোগান, করতালি এবং ফুলেল অভ্যর্থনায় পুরো পরিবেশ হয়ে ওঠে মুখর। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্তের ছবি ধারণ করেন। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শুধু শিবচরেই নয়, জেলার বিভিন্ন স্থানে একই চিত্র সৃষ্টি হয়। রাজৈর উপজেলার টেকেরহাট, সদর উপজেলার মোস্তফাপুর এবং কালকিনি উপজেলার ভুরঘাটাসহ সব জায়গায় ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পুরো জেলায় ছিল উৎসবের আবহ।
এ সময় মোস্তফাপুর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
অন্যদিকে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ দলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। তাদের উপস্থিতিতে মাদারীপুরের মহাসড়কজুড়ে সৃষ্টি হয় একটি রঙিন ও উৎসবমুখর পরিবেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন