প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম মাকে হারিয়েছেন। তার মা বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মারা গেছেন। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন।
ফেসবুক পোস্টে শফিউল ইসলাম লিখেছেন, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। শফিউল লিখেছেন, "মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"
শফিউল ইসলাম বাংলাদেশের হয়ে প্রায় এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর ১১টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেটের সংখ্যা ১০৭টি।
শফিউলের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক ম্যাচটি। ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে যখন বাংলাদেশের পরাজয়ের শঙ্কা দেখা দিয়েছিল, ঠিক তখন মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ২৪ বলে অপরাজিত ২৪ রান করেছিলেন শফিউল। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২ উইকেটে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর সাধারণ জানুয়ারির ৫ তারিখে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল ইসলাম। এবার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে, বেদনাদায়ক মাকে হারিয়ে শোকাহত সাবেক এই টাইগার পেসার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন