প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংসদ ভবন, ৭ জুলাই, ২০২৬: দেশের বিভিন্ন ক্যাডারে বর্তমানে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ দ্রুত পূরণ করা এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি সংসদে (কুড়িগ্রাম-১) আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আনোয়ারুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য প্রদান করেন।
মন্ত্রী বলেন, মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার জন্য ইতোমধ্যে ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের লিখিত এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুত শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, শূন্য পদ পূরণ এবং দেশের বেকারত্ব হ্রাসে সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
মন্ত্রী আরো বলেন, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগের বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
তিনি শেষ করে জানান, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করার জন্যও সকল মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন