প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সেবাগ্রহীতাদের দৃষ্টি আকর্ষণ করছে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস।
পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন সৌন্দর্যায়ন এবং উন্নত নাগরিক সেবার সমন্বয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্যাম্পাস বর্তমানে কেবল সেবাগ্রহীতাদেরই নয়, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি ক্যাম্পাসজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের ফলে এটি শুধু একটি সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার স্থানই নয়, বরং আকর্ষণীয় প্রশাসনিক কমপ্লেক্সে পরিণত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন, কৃষি অফিসের ফুলের বাগান, সুপরিকল্পিত হাঁটার পথ, বসার স্থান এবং সুশৃঙ্খল যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে আসা মানুষ স্বাচ্ছন্দ্যে সরকারি দপ্তরে যাতায়াত করতে সক্ষম হচ্ছেন।
সেবা নিতে আসা নাগরিকদের মধ্যে নীলফামারীর একজন জানান, "আগে উপজেলা ক্যাম্পাসের পরিবেশ এতটা আকর্ষণীয় ছিল না। বর্তমানে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সরকারি দপ্তরে এসে কাজ করতে ভালো লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে।" কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, সাংবাদিক ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, "একটি সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর ও সুশৃঙ্খল হবে, ততই সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে।" সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসের বর্তমান রূপ অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, "ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত পরিচর্যা, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।" পাশাপাশি সেবার মান আরও উন্নত করার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘদিন ধরে বজায় রেখে সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসকে আধুনিক, জনবান্ধব ও দৃষ্টিনন্দন প্রশাসনিক কমপ্লেক্স হিসেবে আরও সমৃদ্ধ করা হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, "এক সময় এ উপজেলা পরিষদ ক্যাম্পাস ছিল খোলা মেলা। আজ সুন্দর বাউন্ডারি দেয়াল ও পরিচ্ছন্ন ক্যাম্পাস। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয়।" সাংবাদিক আঞ্জেলো মন্ডল বলেন, "নতুন ভবন চালু হলে আরো সৌন্দর্যমণ্ডিত হবে ক্যাম্পাস।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন