প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা টানা ভারী বর্ষণের ফলে পানির নিচে তলিয়ে গেছে। মাত্র তিন ঘণ্টার প্রবল বর্ষণে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকাগুলোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও পানি হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবী মানুষের সবচেয়ে বেশি বিপদে পড়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালবেলা নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষদের কর্মস্থলে যেতে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়েছে।
জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজে পরীক্ষাকেন্দ্রগুলোতে হাঁটুসমান পানি জমে যায়। অনেক পরীক্ষার্থীকে পানি মাড়িয়ে, আবার অনেককে নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অভিভাবকরাও সন্তানদের নিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন।
নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় পানি ঢুকে যাওয়ার ফলে অনেকের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে গেছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়ে গেছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা বিদ্যমান। ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন