প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্য রাতে থানার পাশে শাহীদ আলী মডেল স্কুলের মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সাত জনই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলে জানিয়েছে তাদের পরিবার।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন- হবিবপুর গ্রামের অনিক দাস (১৮), ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৮), সৌমিত্র দাস (১৮), দীপ্ত দাস (১৮), অভি সরকার (১৬), দেব দাস (১৬) ও ইমন দাস (১৬)। আদালত রাতেই তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ক্লাবের ফুটবল খেলা উপলক্ষে কয়েক জন শিক্ষার্থী শুক্রবার রাতে শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে খাবারের আয়োজন করেছিল। খাবার খাওয়ার পর বাড়ি যাওয়ার সময় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় তারা আনন্দের সঙ্গে এই স্লোগান দেয়।
পুলিশের নজরে স্লোগান দেওয়ার বিষয়টি আসলে, স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে পুলিশ সঙ্গে সঙ্গে ৪ জনকে গ্রেপ্তার করে এবং পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্টেট সকিনা আক্তার গ্রেপ্তারকৃত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের শাল্লা জোনের জি.আর.ও এএসআই মো. আবুল কাশেম।
এদিকে শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা কেউই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নয়। তারা সবাই নিয়মিত স্কুল-কলেজের ছাত্র। বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে রাতের খাবার শেষে তারা এই স্লোগান দিয়েছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে নাশকতার মামলায় আদালতে প্রেরণ করেছে। এখন তাদের স্বজনরা দুশ্চিন্তায় আছেন।
বর্ষণ তালুকদারের বাবা অনাদি তালুকদার বলেন, "আমার ছেলে কোনো রাজনীতি করে না, রাজনীতি বুঝে না।" তবে পুলিশ স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে। তাদের মুক্তির বিষয়ে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি।
স্কুল ছাত্র অভি সরকারের বাবা বাদল সরকার বলেন, "আমার ছেলে হাই স্কুলে পড়ে, সে রাজনীতির কী বুঝে।" তারা নাকি কয়েক জন মিলে ওই স্লোগান দিয়েছে, এমন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার রাতে আদালতে প্রেরণ করেছে। ছেলেকে নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় আছি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল বলেন, গ্রেপ্তারকৃতরা শুক্রবার রাতে রাজনীতি নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিয়েছে ও মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
স্কুল ছাত্রদের গ্রেপ্তার করার বিষয়ে জানতে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগেই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বয়স যদি কম হয়ে থাকে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন