প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পরিচালনা করেছেন সাংবাদিকরা। যাচাই করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় কর্মসূচির মাধ্যমে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা সাম্প্রতিক এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, "সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।" হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার প্রতি গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি।" অতীতে সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হলে এ ধরনের হামলার সাহস সন্ত্রাসীরা পেত না বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
পরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ নিয়ে মতবিনিময় করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি এ সময় জানান, "সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।" তিনি যোগ করেন, "দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।"
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে খুলনা নগরের জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের চায়ের দোকানের সামনে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত গুলি ছোড়ে। তখন সেখানে কয়েকজন সাংবাদিক অবস্থান ছিল। গুলির স্প্লিন্টারের আঘাতে এক সাংবাদিক সামান্য জখম হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতিদিনের মতো কাজ শেষ করে কয়েকজন সাংবাদিক ওই স্থানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাত রাস্তার দিক থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন