প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা কয়েক সপ্তাহের শ্রমিক অসন্তোষের পর অবশেষে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। আজ (মঙ্গলবার) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি চালু হয়নি।
শিল্প পুলিশ এবং কারখানা সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও ৯টি কারখানায় তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান কর্মবিরতি ও বিক্ষোভের কারণে আজও আশুলিয়া শিল্পাঞ্চলের ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ২০টি কারখানা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। যেসব কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বা যেগুলো বন্ধ রয়েছে, সেগুলোর কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন