প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আবু নাঈম
পঞ্চগড়, ১৭ নভেম্বর, ২০২৬ : দেবীগঞ্জের এই অঞ্চলে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি হাট জমে উঠেছে। অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, প্রতিদিন এখানে ২শ’ থেকে ৩শ’ টন জলপাই কেনাবেচা হচ্ছে, যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা।
পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসছেন। পরবর্তীতে এসব জলপাই দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্টরা কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে জলপাই সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারুতলা এলাকায় প্রতিদিন সকালে জলপাইয়ের বেচাকেনা শুরু হয়। ক্রেতা-বিক্রেতার পদচারণায় বাজারটি দিনভর মুখরিত থাকে। কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে জলপাই নিয়ে হাটে আসেন।
হাটে ঘুরে দেখা যায়, জলপাই ছোট-বড় স্তূপ করে রাখা হয়েছে। কিছু জায়গায় ওজন করা হচ্ছে, আবার কোথাও আকার ও মান অনুযায়ী বাছাই করা হচ্ছে। এরপর জলপাই পরিষ্কার করে বস্তাবন্দি করা হচ্ছে। এই কাজে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও যুক্ত রয়েছেন। জলপাই বিক্রি করে স্থানীয় কৃষকরা বাড়তি আয় করছেন, এবং অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এই মৌসুমি ব্যবসা আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।
শরিফুল নামে এক কৃষক মন্তব্য করেন, "আগে গাছেই পেকে নষ্ট হতো জলপাই। এখন এই হাট হওয়ার পর থেকে খুব সহজেই বিক্রি করা যায়। ফলন ভালো হলে, ভালো দামও পাওয়া যায়।"
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের গাছ থেকে জলপাই সংগ্রহ করে হাটে নিয়ে আসেন। পরে পাইকারদের কাছে তা বিক্রি করেন। আকার ও মানভেদে প্রতি কেজি জলপাই ১৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, "এই জলপাই হাট চালু হওয়ার পর থেকে প্রতিবছর এই মৌসুমে জলপাই ব্যবসা করি। গাছে যখন ফুল আসে তখনই আমরা বিভিন্ন গ্রামে ঘুরে গৃহস্থের গাছ কিনে নেই। ফল পরিপক্ব হলে সেগুলো হাটে এনে বিক্রি করি।"
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই হাটে আসছেন। প্রাণ, স্টার লাইন, বিডি ফুডসহ বিভিন্ন কোম্পানির জন্য জলপাই সংগ্রহ করা হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জলপাই সংগ্রহ, বাছাই ও পাইকারি বিক্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই হাটের আড়তদাররা।
মশিউর রহমান নামে এক আড়তদার জানান, "প্রতিদিন ৪ থেকে ৫ লক্ষ টাকার জলপাই কেনাবেচা হয় এখানে। বিভিন্ন ফুড প্রসেস কোম্পানির লোকজন সরাসরি এখান থেকে জলপাই সংগ্রহ করেন।"
ফেনী থেকে আসা মেরাজ হোসাইন নামের এক পাইকারি ক্রেতা বলেন, "আমি স্টারলাইন গ্রুপের পার্সেস ম্যানেজার। কোম্পানির হয়ে জলপাই কিনতে আসছি এখানে। এসব জলপাই দিয়ে আচার, চাটনি তৈরি করে দেশের বাজারসহ বিদেশে রপ্তানি করা হয়।"
হাট ইজারাদার কাদেরী কিবরিয়া রানা জানান, প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই হাট চলে।
জলপাই সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় নির্দিষ্ট মৌসুমের মধ্যেই হাটের কার্যক্রম শেষ করতে হয়।
সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে দীর্ঘ সময় জলপাই সংরক্ষণ করা সম্ভব হবে। এতে হাটের পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকরাও উৎপাদিত জলপাই ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবেন।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই হাটে আসছেন। জলপাইয়ের এই হাট কৃষক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা জানান, হাটের পরিধি বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন