প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাথরঘাটায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে ধাক্কা লেগে মা রাশেদা বেগম (৫০) নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের স্ত্রী ছিলেন।
পরিবারের সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা শেষে ছেলে সোয়েবুর রহমানের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। চৌরাস্তা এলাকায় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে তিনি ছিটকে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তারা পাইপটি দেখতে পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এ কারণে সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পাথরঘাটা থানার ওসি মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তারা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন