প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : মেক্সিকোর ৬৫ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকের জন্য চালু করা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায়, লেটিসিয়া জুয়ারেজের মা-বাবা প্রতি দুই মাসে প্রায় ৩৫০ ডলার করে পেয়ে থাকেন।
বয়সের কারণে, শিক্ষার্থীরা, নারীরা, গ্রামীণ শ্রমিকরা এবং প্রতিবন্ধীরা এই কর্মসূচির সুবিধা ভোগ করছেন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের জনপ্রিয়তা বজায় রাখার জন্য এই সামাজিক সহায়তা কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৪৭ বছর বয়সী দোকানমালিক জুয়ারেজ জানিয়েছেন, ‘এই টাকা দিয়ে আমার মা দাঁতের চিকিৎসা করাচ্ছেন।’
তবে কিছু বিশেষজ্ঞের উদ্বেগ রয়েছে যে, আয় বা সম্পদের পরিমাণ বিবেচনা না করেই এই কর্মসূচির সুবিধা প্রদান করা হচ্ছে, যা লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
২০২৭ সালে প্রায় ৪ কোটি ৩০ লাখ উপকারভোগীর জন্য ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে। দেশের জাতীয় বাজেটের প্রায় ৬ শতাংশই এই খাতে ব্যয় হবে।
প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম পূর্বসূরি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের কাছ থেকে এই কর্মসূচিটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের স্থায়ী দায়িত্বে পরিণত করেছেন।
আইনসভা নির্বাচনের জন্য সাত মাস বাকি রয়েছে। বাজেট পাস হয়েছে এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তার হার ৭০ শতাংশ। এই পরিস্থিতিতে শেইনবাউমের সামাজিক কর্মসূচির ব্যয় কমানোর জন্য রাজনৈতিক কোনো প্রণোদনা নেই।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারের আয় বাড়াতে নতুন কোনো কর সংস্কারের পরিকল্পনা নেই।
২০২৪ সালে মেক্সিকোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ৮ শতাংশের সমান বাজেট ঘাটতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন শেইনবাউম। এটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বাজেট ঘাটতি ছিল।
প্রেসিডেন্ট ২০২৭ সালের মধ্যে বাজেট ঘাটতি কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনার আশা করছেন। তবে চলতি শতাব্দীতে তার প্রশাসনের আমলে দেশটির ঋণের বোঝা সবচেয়ে বেশি বেড়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে মেক্সিকোর মোট ঋণের পরিমাণ জিডিপির ৫৪ শতাংশ। ২০৩০ সালে শেইনবাউমের মেয়াদ শেষ হওয়ার সময় এটি বেড়ে ৫৬ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থাগুলোর হিসাবে এই ঋণের পরিমাণ ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।
ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে
আলিসিয়া ওসোরিও তার মেয়ের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন। পাশাপাশি খাদ্য কেনার ভাউচারও তিনি পান, যা তার আর্থিক সংকটের সময় কাজে আসে।
তিনি বলেন, ‘আমাদের যদি একটু পোজোলে (মেক্সিকান মাংসের এক ধরনের ঝোল) খেতে ইচ্ছা করে, এখন অন্তত মাংস কেনার মতো টাকা হাতে থাকে।’
এএফপির হিসাব অনুযায়ী, ২০২০ সালের পর থেকে এই সামাজিক কর্মসূচির বাজেট ২৩০ শতাংশ বেড়েছে। বর্তমানে মেক্সিকোর প্রতি তিনজন মানুষের মধ্যে একজন কোনো না কোনো ধরনের সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন।
এই সব সহায়তা মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়তা করছে। তবে এর বিপরীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যাপ্ত বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে।
২০২৭ সালে শিক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ২ দশমিক ৯ শতাংশ অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, এই দুই খাতে যথাক্রমে জিডিপির অন্তত ৫ শতাংশ ও ৬ শতাংশ ব্যয় করা উচিত।
সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বাজেটারি ইনভেস্টিগেশনের (সিআইইপি) পরিচালক জুডিথ মেন্দেজ বলেন, ‘সরকারের আয় একই জায়গায় রেখে এসব কর্মসূচির পরিধি বাড়াতে চাইলে অন্যান্য খাতের ব্যয় কমাতে হবে।’
তার মতে, এই সব আর্থিক সহায়তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৮ সালের পর থেকে মেক্সিকোর গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১ শতাংশেরও নিচে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারি আর্থিক সহায়তা কর্মসূচি জনপ্রিয় হলেও, শুধুমাত্র এসব সুবিধা দিয়ে মানুষের সার্বিক জীবনমান নিশ্চিত করা সম্ভব নয়।
অর্থনীতিবিদ ও গবেষক হুয়ান কার্লোস মোরেনো-ব্রিড বলেন, ‘বর্তমান পরিস্থিতি আপনারা কোনো রকমে সামাল দিচ্ছেন, তাও অপর্যাপ্ত ও দায়সারা উপায়ে। এর ফলে ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’
সিআইইপির এক গবেষণায় দেখা গেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাজেটের ৯৫ শতাংশই আর্থিক সহায়তা কর্মসূচিতে ব্যয় হয়। অথচ মেক্সিকোর প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ এই সুবিধা পান।
ঋণমান নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা মুডিস ও ফিচ মেক্সিকোকে সর্বনিম্ন বিনিয়োগযোগ্য ঋণমানের পর্যায়ে রেখেছে। অন্যদিকে, এসঅ্যান্ডপি দেশটিকে এর চেয়ে দুই ধাপ ওপরে মূল্যায়ন করলেও ঋণমান কমিয়ে দেওয়ার ঝুঁকির কথা জানিয়েছে।
দারিদ্র্য কমাতে কতটা কার্যকর এ কর্মসূচি?
সরকারি তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের শাসনামলে ১ কোটি ৩৪ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, ২০১৮ সালের পর থেকে দেশটির ন্যূনতম মজুরি ১৫৪ শতাংশ বেড়ে যাওয়াই এই অর্জনের অন্যতম প্রধান কারণ। এর ফলে অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের আয়ও বেড়েছে।
সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষের হাতে অর্থ পৌঁছালেও অর্থনীতিবিদ মোরেনো-ব্রিড মনে করেন, এই কর্মসূচি আয় পুনর্বণ্টন কিংবা দারিদ্র্য কমানোর প্রধান ভিত্তি নয়।
সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ রাখার নীতিও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। তার মতে, আগের সরকারগুলো মূলত সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দিত। কিন্তু শেইনবাউমের সরকার সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে প্রায় সমানভাবে অর্থ বিতরণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন