প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ষা এলেই শুরু হয় ইলিশের মৌসুম। তবে বর্তমানে বাজারে সরবরাহ মোটেই কম। মাছের বাজারে সরাসরি দাঁড়িয়ে থাকা ৪-৫টি রুপালি ইলিশ ঝলমল করলেও দাম শুনে দেখা যাচ্ছে, অনেক ক্রেতা খালি হাতে ফিরে যাচ্ছেন। পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইলিশের বাজারে ২-৪ কেজি ওজনের ইলিশ থাকলেও মধ্যবিত্তের মধ্যে স্বস্তি নেই।
রোববার (১৯ জুলাই) সকালে থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ বন্দর বাজার, তুষখালী বাজার, সাপলেজা বাজার ও বড় মাছুয়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। এর পাশাপাশি এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ৯০০ টাকা দরে।
অন্যদিকে, ইলিশ ছাড়াও অন্যান্য মাছের দামেও বেড়ে গেছে ‘আগুন’। তপসী মাছের দাম প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, পোয়া মাছ ৮০০ থেকে ১ হাজার টাকা, চিংড়ি মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, পাঙ্গাস ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
দক্ষিণ বন্দর বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা হোসেন আলী রাব্বি বলেন, "আমি এই বাজারে কেনাকাটা করি। ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে ছোট মাছ নিয়েই ফিরে যাচ্ছি। সংসারের খরচ সামলে এত টাকা দিয়ে মাছ কেনা কঠিন। ছোট মাছের দামও অনেক বেশি। এক কেজি তপসী মাছ নিতে চেয়েছিলাম, দাম চেয়েছে ১ হাজার ২০০ টাকা, যা এক কেজি গরুর মাংসের চেয়েও বেশি।"
পুরান ফিশ মার্কেটে বাজার করতে আসা আরেক ক্রেতা রাশেদ মামুন বলেন, "আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাচ্চারা ইলিশ খেতে চেয়েছিল। কিন্তু মাছের দাম শুনে অন্য মাছ নিয়েছি। সেই মাছের দামও বেশি।"
পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের গৃহিণী মাহমুদা আক্তার জানান, "বাজারে মাছ আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নয়। তাই শুধু দেখে যাচ্ছি, কেনার সাহস পাচ্ছি না।"
মাছ বিক্রেতা বেল্লাল হোসেন বলেন, "বর্তমানে বাজারে ইলিশের আমদানি কম, তাই দাম একটু বেশি। পাশাপাশি অন্য মাছ পরিবহনে খরচ বেশি হওয়ায় সেগুলোর দামও বেড়েছে। আমরা সামান্য লাভ রেখে মাছ বিক্রি করি।"
সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ মানুষ দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে মিলিয়ে অন্য মাছের দিকে ঝুঁকছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন