প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করার ফলে হাঁটু এবং কোমরে ব্যথা অনুভব করা যায়। যদিও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বাতের সমস্যা সৃষ্টি হবে, এমন কোনো প্রমাণ নেই।
তবে একটানা কাজ, ভুল ভঙ্গিতে শরীর বাঁকানো এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব হাঁটু, কোমর ও গোড়ালিতে ব্যথা বৃদ্ধি করতে পারে। বয়স, বংশগত প্রবণতা, শরীরের অতিরিক্ত ওজন, পেশির দুর্বলতা এবং পুরনো চোটও অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়াতে পারে।
ব্যথা কি শুধুই ক্লান্তি?
দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে কোমরে, হাঁটু, গোড়ালিতে অতিরিক্ত চাপ পড়তে পারে। অস্টিওআর্থ্রাইটিসে অস্থিসন্ধির হাড়ের প্রান্তে থাকা তরুণাস্থি ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। বয়স বৃদ্ধির সাথে সাথে অতিরিক্ত ওজন, পুরনো আঘাত এবং পেশির দুর্বলতা এই সমস্যার সঙ্গে যুক্ত হয়ে থাকে।
সুতরাং, কাজের পর সামান্য ক্লান্তি এবং বারবার ফিরে আসা ব্যথাকে একত্রে দেখা উচিত নয়। গাঁট ফুলে যাওয়া, শক্ত হয়ে থাকা বা ব্যথা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।
সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটুতে ব্যথা?
সিঁড়ি দিয়ে ওঠানামার সময় হাঁটুতে ব্যথা অনুভব করা অস্টিওআর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। হাঁটু ভাঁজ করে শরীরের ভার বহন করার সময় জয়েন্টে চাপ বৃদ্ধি পায়। তবে এই ব্যথা মানেই বাত নয়। হাঁটুর হাড়ের অবস্থান, পেশি বা টেন্ডনের সমস্যাতেও এমন হতে পারে।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটুর চারপাশের পেশিতে ক্লান্তি আসতে পারে। কিন্তু শুধু দাঁড়িয়ে থাকার অভ্যাসই তরুণাস্থির ক্ষয় বাড়ায়, এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট প্রমাণ নেই। তাই ব্যথার কারণ বুঝতে উপসর্গের ধরন ও অস্থিসন্ধির অবস্থা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।
ঘরের কাজেও প্রয়োজন বিরতি
ঘরের কাজের শারীরিক চাপকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। একটানা দাঁড়িয়ে থাকা, বেসিনের সামনে ঝুঁকে বাসন মাজা বা নিচু তাক থেকে ভারী জিনিস তোলার ফলে কোমর ও হাঁটুতে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। চাকরির পাশাপাশি সংসারের দায়িত্ব সামলানো মহিলাদের ক্ষেত্রে বিশ্রামের অভাব এই সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।
বদল আনুন কাজের অভ্যাসে
রান্নার সময় একটানা দাঁড়িয়ে না থেকে কাজের ধরন পরিবর্তন করুন। সবজি কাটার সময় টুলে বসুন, প্রয়োজনীয় বাসনপত্র হাতের নাগালে রাখুন এবং প্রতি ৩০-৪০ মিনিট অন্তর অল্প সময়ের বিরতি নিন। ভারী পাত্র তোলার সময় তা শরীরের কাছাকাছি রাখুন। আরামদায়ক জুতো পরার পাশাপাশি উরু, কোমর ও পেটের পেশি শক্তিশালী রাখার ব্যায়ামও উপকারী।
ব্যথা দীর্ঘস্থায়ী হলে, গাঁট ফুলে গেলে বা হাঁটাচলায় অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন। সংসারের কাজ এড়ানো সব সময় সম্ভব নয়, কিন্তু কাজের মাঝে বিরতি নেওয়া এবং শরীরের ভঙ্গিতে নজর রাখা জরুরি। ক্লান্তিকে স্বাভাবিক ভেবে ব্যথা উপেক্ষা করা উচিত নয়, অস্থিসন্ধির সুস্থতার জন্য প্রয়োজন সচেতনতা ও সময়মতো চিকিৎসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন