প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীলফামারী, ২৩ নভেম্বর ২০২৬ : গত দশ বছরে নীলফামারী জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর জাতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় আজ এই তথ্য জানানো হয়, যা দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ চিত্র তুলে ধরে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাজেদুল ইসলাম জাতীয় ও জেলা পর্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নীলফামারী জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৪৩টি। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ১০২টি। গত দশকে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ১৯ দশমিক ৫৬ শতাংশ। বর্তমানে অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে স্থায়ী ইউনিট ৮০ হাজার ৯০২টি, অস্থায়ী ইউনিট ৭ হাজার ৫৪৯টি এবং অর্থনৈতিক খানা ৬৯ হাজার ৪৯২টি রয়েছে।
এতে আরও বলা হয়েছে, জেলার এসব অর্থনৈতিক ইউনিটে বর্তমানে কর্মরত আছেন ৩ লাখ ৪৭ হাজার ১৮০ জন। এর মধ্যে স্থায়ী জনবল ২ লাখ ৪৯ হাজার ৭৮৪ জন, অস্থায়ী ১০ হাজার ৪০২ জন এবং অর্থনৈতিক খানার সঙ্গে যুক্ত জনবল ৮৬ হাজার ৯৯৪ জন।
জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ২০২৪ সালে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি হয়েছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। দুই শুমারির মধ্যে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
জাতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবলও বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে মোট জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। ২০১৩ সালে জনবল ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন। এই সময়ে জনবল বেড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী নীলফামারী জেলায় বৃহৎ শিল্প ৭০টি, মাঝারি শিল্প ৩৮২টি, ক্ষুদ্র শিল্প ৪ হাজার ৭০২টি, মাইক্রো শিল্প ৮৭ হাজার ২৪০টি এবং কুটির শিল্প ৬৫ হাজার ৫৪৯টি রয়েছে।
কর্মশালায় জানানো হয়, দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতের নির্ভরযোগ্য পরিসংখ্যানের অন্যতম উৎস হচ্ছে অর্থনৈতিক শুমারি। এই শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, কাঠামোগত বৈশিষ্ট্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবার তথ্য পাওয়া যায়। এসব তথ্য শিল্প ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে তথ্য সংগ্রহে কম্পিউটারভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি ও জিআইএস ম্যাপিং ব্যবহার করা হয়।
বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় শুমারি ২০০১ ও ২০০৩ সালে দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়। তৃতীয় শুমারি ২০১৩ সালে সম্পন্ন হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
শুমারিতে সারা দেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা গঠন করা হয়। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ৮৭ হাজার ৪১৯ জন গণনাকারী, ১৬ হাজার ৯৩৪ জন সুপারভাইজার, ২ হাজার ৫৭৭ জন জোনাল অফিসার এবং ২ হাজার ৫৭৭ জন আইসিটি সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়িত স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার (এসবিআর) জরিপের পটভূমি, ক্রমবিকাশ, লক্ষ্য ও উদ্দেশ্য এবং জাতীয় ও জেলা পর্যায়ের অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যে ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ চিহ্নিতকরণে চলমান জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করা হয়।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন নীলফামারী সদর উপজেলা পরিসংখ্যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন