প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাধীনতার ৫৬ বছর অতিক্রান্ত হলেও জামালপুরের বকশীগঞ্জে একটি ব্রিজের অভাবের কারণে ৫টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ জনগণ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। তবে বারবার আবেদন করার পরও এই খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে একটি ছোট খাল রয়েছে। এই খালটি বিলেরপাড় গ্রামকে বিভক্ত করেছে। খালটির কারণে সাধারণ জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। খালের দুই পাড়ে রাস্তা রয়েছে, যা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবেরচর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় এই খালটিতে পানি জমে থাকার ফলে বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় এই খাল পার হয়ে।
বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে ধানখেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের জন্য এটি চরম ভোগান্তির কারণ, কারণ তাদের উৎপাদিত ফসল নিয়ে বাড়িতে ফিরতে প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হয়। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের অটোরিকশাচালক, মোটরসাইকেলচালক ও ব্যবসায়ীদেরও তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো ফল পাওয়া যায়নি।
গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। ফলে ৫৬ বছর ধরে এই এলাকার মানুষ একটি ব্রিজের জন্য অপেক্ষা করছে।
স্থানীয়দের মতে, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনভোগান্তি কমে যাবে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে। পাশাপাশি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থাও উন্নত হবে।
এ কারণে বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।’
এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, ‘জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।’
পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, ‘এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণসহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।’
এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন