প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। অতিথিদের আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করা হয়েছিল। প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বরযাত্রী নিয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন দিল্লি পুলিশের একজন কর্মী। এই ঘটনায় কনের বাবা থানায় বর ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুভাষ কুমার নামের এক ব্যক্তির মেয়ে হীনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দিল্লি পুলিশের কর্মী কুলদীপের। ছয় মাস আগে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হয় এবং পরে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।
কনের বাবার অভিযোগ, বিয়ের প্রস্তুতির সময় থেকেই পাত্রের পরিবারের পক্ষ থেকে গাড়ি, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দাবি করা হচ্ছিল। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী এসব চাহিদা পূরণের চেষ্টা করেন। কুলদীপের জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি গাড়ি বুক করেন। কিন্তু পাত্রের পছন্দ ছিল মারুতি ব্রেজা, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
অভিযোগ রয়েছে, বিয়ের আগের দিন কুলদীপ জানান, বুক করা গাড়িটি তার পছন্দ হয়নি। এরপর কনের পরিবার গাড়িটি বাতিল করে পাত্রের পছন্দের গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করে। তবে অল্প সময়ের মধ্যে নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি।
সুভাষ কুমারের দাবি, গাড়ির পাশাপাশি পাত্রের জন্য স্বর্ণের চেন, তার মায়ের জন্য কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থা করা হয়েছিল। পাত্রের বড় ভাই ও ভাবির জন্যও স্বর্ণালংকার চাওয়া হয়েছিল। সেগুলোর জন্য অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আসবাবপত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী কেনার প্রস্তুতিও ছিল।
কনের বাবার ভাষ্য, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। অতিথিদের আপ্যায়ন, খাবারদাবারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু বিয়ের দিন পছন্দের গাড়ি না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন কুলদীপ।
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে পৌঁছেই নিজের পছন্দের গাড়ি কোথায়, তা জানতে চান তিনি। গাড়ির ব্যবস্থা হয়নি শুনে কনের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে তাকে বোঝানো হয়, গাড়ির ব্যবস্থা করা হবে, তবে এত অল্প সময়ে তা কেনা সম্ভব হয়নি। এরপরও শান্ত না হয়ে তিনি গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে কনের ভাই সাহিল এগিয়ে এলে তার সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাত্র। কনের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি। একপর্যায়ে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কুলদীপ।
এ ঘটনায় বিপাকে পড়েছে কনের পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর এমন ঘটনায় তারা আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন।
পরে কুলদীপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কনের বাবা সুভাষ কুমার। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন