প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা আগামী ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেন।
বোয়েসেল জানাচ্ছে, মহিলা কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনকারীদের জন্য কিছু শর্ত রয়েছে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। প্রত্যেক কর্মীকে প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধা প্রস্তাবিত হয়েছে।
প্রাথমিকভাবে চাকরির মেয়াদ তিন বছর থাকবে, যা নবায়নযোগ্য। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে।
বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।
জর্ডানে আগে টাস্কার অ্যাপারেল-এ কর্মরত ছিলেন এমন ব্যক্তিদের পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে দেশে অথবা জর্ডানে কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তি নিয়োগের জন্য বিবেচিত হবে না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা সঙ্গে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ-সংক্রান্ত প্রায় সব খরচ কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধুমাত্র মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা ব্যয় করতে হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাত্রার আগে কোম্পানি অর্থ পরিশোধ করবে।
আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা হতে যাচ্ছে।
প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, কোনো জীবনবৃত্তান্ত (বায়োডাটা) নিয়ে আসার প্রয়োজন নেই।
বোয়েসেল আরও জানিয়েছে, অনলাইনে আবেদন করা সাক্ষাৎকার বা চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়; চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সর্বসাধারণকে সতর্ক করে জানিয়েছে, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই এবং নগদ অর্থ প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কর্মী নির্বাচনের পুরো প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন