প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাঁটু শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট হিসেবে পরিচিত। হাঁটা, সিঁড়ি ভাঙা, বসা অথবা দাঁড়ানো, এই সব দৈনন্দিন কার্যকলাপে হাঁটুর ওপর চাপ পড়ে। কিন্তু ব্যস্ত জীবনের কিছু অভ্যাস রয়েছে, যা আমরা নিয়মিতভাবে করি, সেগুলো তাৎক্ষণিকভাবে ব্যথা সৃষ্টি না করলেও ধীরে ধীরে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
হাঁটুর সমস্যা শুধুমাত্র বয়স বৃদ্ধির ফল নয় অথবা কোনো আঘাতের কারণে নয়। দীর্ঘ সময় বসে থাকা, ভুলভাবে ব্যায়াম করা, শারীরিক নিষ্ক্রিয়তা কিংবা উপযুক্ত জুতা না পরার মতো অভ্যাসগুলোও হাঁটুর স্বাভাবিক কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাহলে জেনে নেওয়া যাক, প্রতিদিনের কোন অভ্যাসগুলো আপনার হাঁটুর সমস্যা সৃষ্টি করতে পারে।
একটানা দীর্ঘ সময় বসে থাকা
দিনের অধিকাংশ সময় বসে থাকলে হাঁটুকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় উরু ও নিতম্বের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর ফলে হাঁটার সময় হাঁটু পর্যাপ্ত সহায়তা পায় না। দীর্ঘ সময় হাঁটু ভাঁজ করে বসে থাকলে উঠে দাঁড়ানোর সময় শক্তভাব বা আড়ষ্টতা অনুভব হতে পারে।
অতএব, একটানা বসে না থেকে মাঝে মাঝে হাঁটাহাঁটি করা অথবা পা হালকাভাবে নড়াচড়া করা উপকারী হতে পারে।
প্রয়োজনের চেয়ে বেশি সিঁড়ি ভাঙা
সিঁড়ি দিয়ে ওঠানামা একটি ভালো শারীরিক কার্যকলাপ হতে পারে। তবে শারীরিক সক্ষমতা না থাকলে বারবার অনেক সিঁড়ি ভাঙলে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আগে থেকেই হাঁটুতে ব্যথা বা পেশি দুর্বল থাকে, তাহলে অস্বস্তি বাড়তে পারে।
সিঁড়ি ব্যবহারের সময় তাড়াহুড়ো না করে ধীরে চলা এবং শরীরের ভারসাম্য বজায় রাখা উচিত।
ওয়ার্ম-আপ ছাড়াই ব্যায়াম শুরু করা
দৌড়ানো, লাফানো বা স্কোয়াটের মতো ব্যায়াম হঠাৎ শুরু করলে পেশি ও জয়েন্টের ওপর বাড়তি চাপ পড়তে পারে। কয়েক মিনিটের হালকা নড়াচড়া শরীরকে ব্যায়ামের জন্য প্রস্তুত করতে সাহায্য করে।
কঠোর ব্যায়াম শুরুর পূর্বে ওয়ার্ম-আপ করা উচিত। একইসাথে, ব্যায়ামের তীব্রতা ধীরে ধীরে বাড়ানো ভালো।
ব্যায়ামের সময় হাঁটুর ব্যথা উপেক্ষা করা
ব্যায়ামের পর সামান্য পেশির ব্যথা বা অস্বস্তি হতে পারে। কিন্তু হাঁটুর ব্যথা যদি বারবার হয়, দীর্ঘস্থায়ী হয় অথবা ক্রমেই বাড়তে থাকে, তাহলে সেটি অবহেলা করা উচিত নয়।
ব্যথা উপেক্ষা করে একই ধরনের ব্যায়াম চালিয়ে গেলে বিদ্যমান সমস্যা আরও বাড়তে পারে। প্রয়োজনে ব্যায়ামের ধরন বা তীব্রতা কমিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
সঠিক সাপোর্ট নেই এমন জুতা পরা
জুতা শুধু পায়ের আরামের বিষয় নয়, এটি হাঁটুর সময় পা ও হাঁটুর ওপর চাপ কিভাবে পড়বে, তার সঙ্গেও সম্পর্কিত। ভুল মাপের বা পর্যাপ্ত সাপোর্ট না দেওয়া জুতা হাঁটুর স্বাভাবিক ধরনকে প্রভাবিত করতে পারে।
বিশেষ করে দীর্ঘ সময় হাঁটা বা ব্যায়াম করার ক্ষেত্রে আরামদায়ক, সঠিক মাপের এবং কাজের উপযোগী জুতা বেছে নেওয়া উচিত।
একেবারেই শারীরিক পরিশ্রম না করা
হাঁটুর জন্য শুধুমাত্র অতিরিক্ত ব্যায়ামই সমস্যা নয়, একবারেই শরীরচর্চা না করাও ভালো নয়। কোমর ও উরুর পেশি শক্তিশালী থাকলে তা হাঁটুকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারে।
নিয়মিত হাঁটা, সাইকেল চালানো বা সাঁতারের মতো কম চাপযুক্ত শারীরিক কার্যকলাপ শরীর সচল রাখতে সাহায্য করতে পারে।
অতিরিক্ত ওজন
শরীরের ওজন বেশি হলে দৈনন্দিন চলাফেরার সময় হাঁটুর ওপর চাপও বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি হাঁটুর অস্বস্তি এবং অস্টিওআর্থারাইটিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।
স্কোয়াট বা ভারোত্তোলনের ভুল কৌশল
স্কোয়াট, লাঞ্জ বা ভারত্তোলনের সময় সঠিক কৌশল না মানলে হাঁটুর ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়তে পারে। বিশেষ করে ভারী ওজন নিয়ে বারবার একই ব্যায়াম করলে ঝুঁকি বাড়তে পারে।
তাহলে ওজন বা ব্যায়ামের মাত্রা বাড়ানোর আগে সঠিক কৌশল শেখা অত্যন্ত জরুরি। নতুন করে শক্তিবর্ধক ব্যায়াম শুরু করলে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সঠিক পদ্ধতি জেনে নেওয়া যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন