প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। এই সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলীর পিসি কালচার হাউজিংয়ের ১৪০ নম্বর বাড়ি ও মোহাম্মদপুরের জহুরী মহল্লার ৩৭/৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে এই সিগারেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআর জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা এবং তামাকজাত পণ্যের অবৈধ বাজারজাতকরণ প্রতিরোধের উদ্দেশ্যে ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অধীনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুটি গোডাউন তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ভবনের দারোয়ানের সহযোগিতায় গোডাউনগুলো শনাক্ত করা হয়।
গোডাউন মালিক ঘটনাস্থলে না থাকায় ভবন মালিকের সহায়তায় তালা ভেঙে গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালান। এই সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বস্তাভর্তি উদ্ধার করা হয়।
একটি গোডাউন থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০ শলাকা, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। অন্য গোডাউন থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের আরও ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুটি গোডাউন থেকে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, স্থানীয় লোকজন ও ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন যে, দুটি গোডাউন আলাদা ঠিকানায় অবস্থিত হলেও এর প্রকৃত মালিক একই ব্যক্তি। তিনি ডিলারশিপ ব্যবসা করার কথা বলে গোডাউন দুটি ভাড়া নিয়েছিলেন।
দিনের অধিকাংশ সময় গোডাউন দুটি বন্ধ থাকত। দারোয়ানের তথ্য অনুযায়ী, সাধারণত রাতের বেলায় সেখানে সিগারেট আনা হতো। পরে বিভিন্ন পার্সেটে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো।
গোয়েন্দা দলের প্রাথমিক অনুসন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ বিদেশি নকল সিগারেট সরবরাহের তথ্য পাওয়া গেছে। ভবন মালিকরা সেখানে কী ধরনের পণ্যের ব্যবসা হচ্ছিল, তা জানতেন না বলে জানিয়েছেন।
এনবিআর জানিয়েছে, জব্দ করা সিগারেট অবৈধ হওয়ায় সেগুলো নিকটস্থ কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী এসব সিগারেট ধ্বংস করা হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন