প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেট নগরের শাহজালাল উপশহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের উত্তর ও পূর্ব পাশে আগুন লাগায়। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি এবং গ্যারেজে থাকা আঞ্চলিক ব্যবস্থাপকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাদের কার্যালয় অবস্থিত। রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। এরপর গ্যারেজে রাখা তার গাড়িতেও আগুন লাগানো হয়।
আবুল হোসেন বলেন, ‘কার্যালয়ের পাহারাদার আগুন দেখতে পেয়ে আমিসহ অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, পুড়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন ধরনের সার্কুলারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে দেখতে পান। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই আগুন নিভিয়েছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত করা হতে পারে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন