প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান, যিনি ব্ল্যাক রুবেল নামেও পরিচিত, পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন এবং মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।" তিনি আরও জানান, "মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়েরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।"
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দণ্ডপ্রাপ্ত চারজনকে আজ শুক্রবার জেলহাজতে পাঠানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন