প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। সরকার সূত্রে জানা গেছে, এ দুর্যোগের কারণে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার (১১ জুলাই) ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া একটি বার্তায় এসব তথ্য তুলে ধরেন।
গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য যে, এর মধ্যে ৭.৫ মাত্রার কম্পনটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে গণ্য করা হচ্ছে। এই ভূমিকম্পের ফলে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু এলাকা এবং বহুতল আবাসিক ভবন ধসে পড়ে।
উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শেষ করলেও, অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে নিজেদের প্রিয়জনদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আশা অন্তত মরদেহ উদ্ধার করে প্রিয়জনদের মর্যাদার সঙ্গে দাফন করতে সক্ষম হবেন।
এদিকে আজ শুক্রবার রাজধানী কারাকাসের মধ্যাঞ্চলে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু ভবন খালি করা হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া রাষ্ট্রীয় সেবাব্যবস্থার কারণে পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ বুধবার জরুরি সহায়তার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, দেশের প্রায় ১৩ লাখ মানুষ জরুরি মানবিক সহায়তার প্রয়োজন অনুভব করছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে এখন অস্থায়ী রান্নাঘর, ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কার্যালয়ের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পুনর্গঠন কাজে বিদেশে জব্দ থাকা দেশের সম্পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ফেরত দেওয়ার জন্য তিনি রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ করেছেন।
এছাড়া, ডেলসি রদ্রিগেজ সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সংকটকে সামাজিক অস্থিরতায় রূপ নিতে দেওয়া হবে না। তবে অনেক ভেনেজুয়েলাবাসীর অভিযোগ, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগে সরকার পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন