প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত ঘনবসতিপূর্ণ ভবনের মাঝখানে অবস্থিত। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাগরিবের নামাজের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগা গুদামটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা এবং ভয়াবহতা অত্যন্ত বেশি হয়ে গেছে। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে আশপাশের মানুষ রয়েছেন। পুরো এলাকা ঘিঞ্জি, যেখানে বাসাবাড়ি ও দোকানপাট একটির সঙ্গে আরেকটি লাগানো রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, ‘মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেয়ার পর ফায়ার সার্ভিস সময়মতোই এসেছে। তবে এটি সম্পূর্ণ অবৈধ একটি মবিলের গোডাউন। এখানে এক ড্রাম মবিলকে ভেজাল মিশিয়ে তিন ড্রাম করা হতো। তেলের ড্রামগুলো আগুন বাড়িয়ে দিতে পারে বলে ভয়ে আছি আমরা।’
আগুন লাগার পরপরই স্থানীয়রা প্রথমে ছুটে আসেন। তারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
যেহেতু এটি তেলের গোডাউন এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তাই ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন