প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবে। গাম্বিয়া ২০১৯ সালে এই মামলা দায়ের করে, যেখানে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সামরিক অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী সামরিক অভিযান শুরু করে। জাতিসংঘের তদন্তে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রাম জ্বালিয়ে দেয়ার তথ্য উঠে এসেছে। সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। ২০১৮ সালে জাতিসংঘের অনুসন্ধানী দল মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের সুপারিশ করে।
এরপর ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। ৫৭ সদস্যের ওআইসির সমর্থনে করা এই মামলায় অভিযোগ রয়েছে যে, মিয়ানমার রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি এবং তাদের অস্তিত্ব নিশ্চিহ্নের পরিস্থিতি তৈরি করে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
২০২২ সালে আইসিজে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলার বিচারিক এখতিয়ার নিশ্চিত করে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল শুনানিতে দুই পক্ষ সাক্ষ্য, বিশেষজ্ঞ মতামত ও আইনি যুক্তি উপস্থাপন করবে। গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন, বিদ্বেষমূলক বক্তব্য এবং অপরাধের বিচার না করার মধ্যেই রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্য স্পষ্ট।
অন্যদিকে, মিয়ানমার যুক্তি দেয় যে, সেনাবাহিনীর অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম। দেশটি দাবি করে, গণহত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্যের সরাসরি প্রমাণ নেই। তৎকালীন নেত্রী অং সান সু চিও ২০১৯ সালে আদালতে দাঁড়িয়ে গণহত্যার অভিযোগ অস্বীকার করেন।
এখন মূল প্রশ্ন হলো, রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মিয়ানমার এসব অপরাধ করেছে কিনা। শুধুমাত্র ব্যাপক হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণই যথেষ্ট নয়। গণহত্যার ক্ষেত্রে জনগোষ্ঠীটিকে ধ্বংসের বিশেষ অভিপ্রায়ও প্রমাণ করতে হবে। আদালত চাইলে গণহত্যার দায় প্রতিষ্ঠা করতে পারে, আবার সরাসরি গণহত্যার দায় প্রমাণিত না হলেও গণহত্যা প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা নিয়ে সিদ্ধান্ত দিতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন