প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানে অভিবাসীবিরোধী বিক্ষোভ চলাকালীন জনতার হামলায় এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির ওপর হামলা চালাতে প্রায় ৫০ জনের একটি দল জড়ো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পুলিশের বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তি ডারবানের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তাকে ঘিরে ধরে মারধর শুরু করে প্রায় ৫০ জনের একটি দল। পরে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ব্যক্তির জাতীয়তা এখনও প্রকাশ করেনি পুলিশ। তবে তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
দক্ষিণ আফ্রিকায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ডারবান শহর এসব বিক্ষোভের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। দুই সপ্তাহ আগে সেখানে অভিবাসীবিরোধী মিছিলের পর লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছিল।
গত জুন মাস থেকে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এসব কর্মসূচির মধ্যে কিছু সহিংসতায় রূপ নেয়।
নাইজেরিয়া, মোজাম্বিক, মালাউইসহ কয়েকটি দেশের সরকার দক্ষিণ আফ্রিকায় তাদের নাগরিকদের মধ্যে বিদেশিবিদ্বেষী হামলায় নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ এসব ঘটনার মধ্যে মৃত্যুর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক থাকার কথা উল্লেখ করে কিছু দাবির বিরুদ্ধে আপত্তি তুলেছে।
সহিংসতা এড়াতে সাম্প্রতিক মাসগুলোতে দেশটি থেকে বহু মানুষ দেশত্যাগ করেছেন, যা কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ঘটনা। হাজার হাজার অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকা কারণে অনেক বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
দক্ষিণ আফ্রিকা, আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ, কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় প্রতিবেশী দেশগুলো থেকে বহু মানুষ এখানে পাড়ি জমান। তবে দেশের বিভিন্ন জনগণের অভিযোগ, কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসীবিরোধী সহিংসতার নিন্দা করেছেন। তিনি আরও স্বীকার করেছেন যে, সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে অনথিভুক্ত অভিবাসীরা দেশটিতে প্রবেশ ও অবস্থান করতে পারছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ৬ কোটি ২০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন