প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ার বিপন্ন শকুন সংরক্ষণে আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (সেভ)-এর ১৩তম বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলন বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ ১০টিরও বেশি দেশের ৪৫ জনের অধিক বিজ্ঞানী, সংরক্ষণবিদ, পশুচিকিৎসক ও সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এবারই প্রথমবারের মতো কোনো জাহাজে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। তিনি মন্তব্য করেন, "শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।" ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক এবং ২০২১ সালে কিটোপ্রোফেন নিষিদ্ধ করে বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চার-পাঁচ দশক আগে দেশে প্রায় ৫০ হাজার শকুনের অস্তিত্ব ছিল, কিন্তু বর্তমানে মাত্র ২৪৮টির মতো শকুন টিকে আছে। ক্ষতিকর পশুচিকিৎসার ওষুধ ও আবাসস্থল সংকটের কারণে শকুনের সংখ্যা কমে গেছে। তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে এদের সংখ্যা কমার হার স্থিতিশীল হয়েছে।
সুন্দরবনে সম্মেলন আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাবিপন্ন বাংলা শকুনের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটি এই বনে অবস্থিত। সম্মেলনে প্রতিনিধিরা এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি, নিরাপদ ওষুধ ব্যবহার, বিষক্রিয়া প্রতিরোধ, প্রজনন বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ২০১১ সালে ‘সেভ’ জোট প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় এই জোট কাজ করছে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন