প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে।
এ তথ্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, এই সময়ে ১২১টি ককটেল বা বোমার বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন। মোট ৬২টি মামলা এবং ২৭টি জিডি দায়ের হয়েছে, এছাড়া ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, এই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে মোট ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা এবং ৫টি জিডি দায়ের হয়েছে। ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড এবং ঝটিকা মিছিল বেআইনি। এই কারণে মামলা ও গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি। মোট ৯টি ঘটনার মধ্যে ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় ১টি মামলা দায়ের হয়েছে এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ২৩টি। এসব ঘটনায় হতাহতের খবর না থাকলেও ৮টি মামলা এবং ১৯টি জিডি দায়ের করা হয়েছে, ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং ১১ জন গ্রেফতার হয়েছেন।
উপদেষ্টা আরও জানান, বিএনপির কর্মসূচির ওপর হামলায় ৪ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পাশাপাশি একটি হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের সময় হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তিনি আওয়ামী লীগের এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী ভারতের জলশক্তি মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে আসবেন কি আসবেন না—এ নিয়ে সরকারের সঙ্গে তার কোনো আলোচনা নেই। আলোচনা আছে ভারতের সঙ্গে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছে এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।
নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনেই স্পষ্ট হয়েছে যে সেখানে সেভাবে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তবে ভারতের মূলধারার গণমাধ্যম এ বিষয়ে বাংলাদেশকে নিয়ে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে।
এমন ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতের গণমাধ্যম ও সরকারকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা সত্য বলে স্বীকার করে তিনি জানান, এসব ফৌজদারী অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত কাজের অংশ। ডিসেম্বরকে কেন্দ্র করে পালিয়ে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার যে আলোচনা তৈরির চেষ্টা চলছে, তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক আছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি হিন্দু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, প্রতিটি ফৌজদারী অপরাধের বিরুদ্ধেই মামলা হয়েছে, তদন্ত ও গ্রেফতারের কাজ চলমান রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন