প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বৃদ্ধি পেলেও সরকারি কর্মচারীরা শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে।
অর্থ বিভাগের পক্ষ থেকে বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত গেজেটে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
গেজেটের নির্দেশনা অনুসারে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এই নিয়ম বহাল থাকবে।
তবে গেজেটে উল্লেখ করা হয়েছে যে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারিত বা বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব পুনরায় সমন্বয় করা হবে না।
অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বৃদ্ধি পেলেও আগের উত্তোলিত ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না।
অর্থ বিভাগের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা গেজেটে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল বেতন বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে বাড়তি অর্থ পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না সরকারি কর্মচারীদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন