প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাঈদ মোহাম্মদ পিতু
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা দীর্ঘকাল ধরে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে এই উপমহাদেশের দলগুলোর জন্য সেখানে খেলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এই চ্যালেঞ্জ শুধু প্রতিপক্ষের শক্তিশালী পেস আক্রমণের মোকাবিলা করার মধ্যেই সীমাবদ্ধ নয়। অপরিচিত ক্রিকেটীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ আফ্রিকার মাঠে বল বাতাসে সুইং করে, পিচে পড়ার পর দিক পরিবর্তন করে এবং উইকেট থেকে অতিরিক্ত বাউন্স পায়। ফলে দক্ষ ব্যাটারদের কৌশল ও মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা দিতে হয়।
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি এক পডকাস্টে মন্তব্য করেছেন, “বিশ্বের অন্যতম কঠিন সফর দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে ব্যাটারদের জন্য। বল শুধু বাতাসেই সুইং করে না, পিচে পড়ার পরও দিক পরিবর্তন করে। অনেক খেলোয়াড়ই এমন কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই পরিস্থিতি সামাল দেওয়া সত্যিই কঠিন।”
তার এই মূল্যায়ন সফরকারী দলগুলোর ঐতিহাসিক দুর্ভোগের চিত্র তুলে ধরেছে। সফরকারী দলের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল, কারণ তারা একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারের চেয়ে বেশি টেস্ট জিতেছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলগুলোও সেখানে ধারাবাহিকভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি।
তবে এশিয়ান দলগুলোর জন্য চ্যালেঞ্জটি আরও কঠিন হয়ে দাঁড়ায়। খেলার পরিবেশের পার্থক্য এর অন্যতম প্রধান কারণ। উপমহাদেশের ব্যাটাররা সাধারণত ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে খেলে থাকে, যেখানে বল স্বাচ্ছন্দ্যে ব্যাটে আসে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার উইকেটে প্রায়ই বাড়তি বাউন্স, গতি ও মুভমেন্ট থাকে। ফলে সফরকারী ব্যাটারদের জন্য উইকেটে থিতু হওয়া কঠিন হয়ে পড়ে।
বল ব্যাটারের শরীরের দিকে উঠে আসতে পারে। আবার পিচে পড়ার পর দিক পরিবর্তনের কারণে শট নির্বাচন এবং অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হয়। স্পিন খেলে এবং পা ব্যবহার করে ব্যাটিংয়ে অভ্যস্ত ব্যাটারদের টানা পেস বোলিং সামলাতে উল্লেখযোগ্য কৌশলগত পরিবর্তন আনতে হয়।
দক্ষিণ আফ্রিকার কয়েকটি ভেন্যুতে উচ্চতাজনিত পরিবেশও বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। সফরের শুরুর দিকে শারীরিকভাবে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সফরকারী খেলোয়াড়দের সময় প্রয়োজন হয়।
বিরাট কোহলির নেতৃত্বে শক্তিশালী টেস্ট দলে পরিণত হওয়ার পরও দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। পাকিস্তানের অবস্থাও একই। দেশটিতে তারা কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের জয় মাত্র দুটি, যার সর্বশেষটি এসেছিল ২০০৬ সালে।
এশীয় দলগুলোর মধ্যে ব্যতিক্রম শ্রীলঙ্কা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করে তারা। দক্ষিণ আফ্রিকা তখন পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও ঘরের মাঠে দলটি যথেষ্ট শক্তিশালী ছিল। এই কারণে শ্রীলঙ্কার অর্জনটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
অন্যদিকে, উপমহাদেশের দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সবচেয়ে হতাশাজনক। দেশটির বিপক্ষে ১৬টি টেস্ট খেলে বাংলাদেশ এখনও জয় পায়নি। এর মধ্যে ১৪টিতে হার এবং দুটি ম্যাচ ড্র করেছে। বৃষ্টির কারণে ড্র হয়েছিল দুই ম্যাচ। বাংলাদেশের নয়টি পরাজয় ইনিংস ব্যবধানে এসেছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতেও বাংলাদেশের রেকর্ড সমানভাবে হতাশাজনক। সেখানে খেলা আটটি টেস্টের সবকটিতেই টাইগাররা হেরেছে। ২০১৭ সালের সফরে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। ২০২২ সালের সফরেও অবস্থার উন্নতি হয়নি। দুই টেস্টের চার ইনিংসে দুবারই ১০০ রানের নিচে অলআউট হয়েছিল দলটি।
তবে সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় তারা। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতা প্রথম এশীয় দল হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
ওই সাফল্য এবং পেস বোলিংয়ে দেশের ক্রমাগত উন্নতি কিছুটা আশার আলো দেখাচ্ছে। তবে ওয়ানডেতে সাফল্য মানেই টেস্ট ক্রিকেটে একই ফল পাওয়া নয়। টেস্টে ব্যাটারদের দীর্ঘ সময় ধরে বিশ্বমানের পেস বোলিং মোকাবিলা করতে হয় এবং কয়েকটি সেশনজুড়ে মনোযোগ ধরে রাখতে হয়।
এবার আশাবাদী হওয়ার আরেকটি কারণ রয়েছে বাংলাদেশের। দুই মাস আগে বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তাওহিদ হৃদয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা অসাধারণ কৃতিত্ব। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে স্থানীয় আগ্রাসী বোলিং আক্রমণের বিপক্ষে এমন ইনিংসের গুরুত্ব আরও বেশি। হৃদয়ের ওই ইনিংস প্রমাণ করেছে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানকার প্রতিপক্ষের বিপক্ষে বড় ইনিংস খেলার সামর্থ্য বাংলাদেশের ব্যাটারদের রয়েছে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকায় আমাদের কী ধরনের কন্ডিশন দেওয়া হবে, সেটিই বড় প্রশ্ন।” সফরের শুরুর দিকে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশি খেলোয়াড়দের যে সমস্যায় পড়তে হয়, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
তার এই মূল্যায়নে জাতীয় দলের আগে ‘এ’ দল পাঠানোর গুরুত্ব ফুটে উঠেছে। এতে খেলোয়াড়রা পর্যাপ্ত সময় নিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও অর্জন করতে পারেন।
বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আরেকটি উদ্বেগের বিষয় তুলে ধরেছেন। তার মতে, হাই পারফরম্যান্স পর্যায়ে দুই দেশের মধ্যে বড় ব্যবধান রয়েছে।
তিনি বলেন, “হাই পারফরম্যান্স পর্যায়ে দক্ষিণ আফ্রিকা আমাদের চেয়ে অনেক এগিয়ে- বিষয়টি আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছি।”
বিশেষ করে উন্নয়ন পর্যায়ে দুই দেশের পেস বোলিংয়ের মানের পার্থক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন। তবে সাম্প্রতিক ‘এ’ দলের সফরে বাংলাদেশের ব্যাটাররা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন বলেও স্বীকার করেন তিনি।
২০২২ সালের সফরের আগে বাংলাদেশের তৎকালীন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করলেও সাহসের সঙ্গে তা মোকাবিলার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, “আমরা জানি, দক্ষিণ আফ্রিকা সব সময়ই আমাদের জন্য কঠিন সফর। আমরা এই পরিস্থিতি বদলাতে চাই। আর সে জন্য কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে এবং সাহসী হতে হবে।”
শেষ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটে ব্যর্থতা দীর্ঘ সংস্করণে ব্যবধান ঘোচানোর কঠিন বাস্তবতাই তুলে ধরেছে।
হৃদয়ের পারফরম্যান্স, ওয়ানডে সিরিজের সাফল্য এবং পেস আক্রমণের ক্রমাগত উন্নতি- সব মিলিয়ে এবারের দক্ষিণ আফ্রিকা সফরে আশাবাদী হওয়ার কিছু কারণ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন