প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জার্মানির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের স্প্যাংডাহলেম বিমানঘাঁটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার প্রশিক্ষণ মহড়ার সময় অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
মার্কিন সামরিক বাহিনী জানায়, দুর্ঘটনার পর পাইলটকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
একটি বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী উল্লেখ করে, এফ-১৬ যুদ্ধবিমানটির বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।
জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় চারটি এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণ করছিল। এর মধ্যে দুটি বিমান প্রশিক্ষণ এলাকায় অবস্থান করছিল, অন্য দুটি বিমান স্প্যাংডাহলেম বিমানঘাঁটির দিকে ফিরছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় একটি এফ-১৬ বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য যুদ্ধবিমানগুলো নিরাপদে যুক্তরাষ্ট্রের রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে বলে জানিয়েছেন জার্মান কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন