প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উড়িষ্যার কোরাপুট জেলার পেট্রাগুডা গ্রামে উগ্র জনতার হামলার পরের দিন একটি গির্জা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২১ নভেম্বর) একদল লোক গির্জাটিতে হামলা চালিয়ে এর একাংশ ভেঙে ফেলার পরের দিন, অর্থাৎ রোববার (২২ নভেম্বর) প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শনিবার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে গির্জাটির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ভেঙে ফেলছে। পরদিন সকালে স্থানীয় তহশিলদারের নেতৃত্বে প্রশাসনের একটি দল ভারী যন্ত্রপাতি ও পুলিশি পাহারায় ঘটনাস্থলে পৌঁছে গির্জাটির অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেয়।
কোটপাড ব্লকে অবস্থিত এই উপাসনালয়টি ‘পেন্টেকোস্টাল বিরশেবা চার্চ’ নামে পরিচিত। স্থানীয় খ্রিস্টান বাসিন্দা দুর্জন হরিজন—যিনি নিজেকে ওই জমির মালিক বলে দাবি করেছেন—‘ইউসিএ নিউজ’কে জানান, পাঁচ বছর আগে গির্জাটি নির্মাণ করা হয়েছিল। গ্রামের চারটি খ্রিস্টান পরিবারের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার উপাসকরাও এখানে প্রার্থনা করতে আসতেন।
হরিজন জানান, ২১ নভেম্বরের হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনি সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ, হামলাকারীরা গাঁইতি ও হাতুড়ি ব্যবহার করে গির্জার ক্রুশ এবং দেয়ালের একটি অংশ ভেঙে ফেলে। পুলিশ তাকে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছিল। কিন্তু পরদিন সকালেই প্রশাসনের উচ্ছেদকারী দল হাজির হয়ে গির্জাটি ভেঙে ফেললে পুরো খ্রিস্টান সম্প্রদায় স্তম্ভিত হয়ে পড়ে।
পাস্টর ফ্র্যাঙ্কলিন জোসবন্ত জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ২১ নভেম্বর তিনি প্রায় ৪০ জন পাস্টরকে নিয়ে মিছিলসহকারে থানায় গিয়েছিলেন। তার অভিযোগ, পরবর্তীতে কিছু গ্রামবাসী থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করে।
অন্যদিকে, জমি সংক্রান্ত এই বিরোধের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। কোটপাড থানার পরিদর্শক রুনু কুমারী মাঝি ‘ইউসিএ নিউজ’কে জানান, দুর্জন হরিজন কোনো অনুমতি ছাড়াই সরকারি জমিতে গির্জাটি নির্মাণ করেছিলেন। এছাড়া, তিনি শিশুদের গির্জায় নিয়ে গিয়ে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন বলেও গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন।
পুলিশ পরিদর্শক মাঝি আরও দাবি করেন, প্রশাসন এলাকায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল, কিন্তু হরিজন গ্রামে অশান্তি সৃষ্টি করেই যাচ্ছিলেন।
এদিকে, প্রশাসনের এই গির্জা ভাঙার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খ্রিস্টান নেতারা। হামলার বিষয়ে অভিযোগ দায়ের করার পরও প্রশাসন কেন উল্টো গির্জাটির বিরুদ্ধেই ব্যবস্থা নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
‘ইউনাইটেড বিলিভার্স কাউন্সিল নেটওয়ার্ক অব ইন্ডিয়া’র বিশপ পল্লব লিমা এই উচ্ছেদ অভিযানকে প্রশাসনিক উদাসীনতার এক উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে প্রশাসন ভুক্তভোগীদের বিরুদ্ধেই পদক্ষেপ নিয়েছে।
‘ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফ্রন্ট’-এর সাধারণ সম্পাদক ইসমাইল পাত্র জানান, ওই গ্রামে সাতটি খ্রিস্টান পরিবার বসবাস করত, কিন্তু ভয়ভীতি ও হুমকির মুখে ইতোমধ্যে তিনটি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত এবং গির্জাটি পুনর্নির্মাণের দাবিতে তারা কোরাপুট জেলা কালেক্টরের কাছে যাবেন বলেও তিনি জানান।
সাংবাদিক অমিয় পাণ্ডব অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গির্জাটি ব্যক্তিমালিকানাধীন জমিতে অবস্থিত ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, উড়িষ্যায় বিজেপি সরকারের আমলে হিন্দুত্ববাদী ডানপন্থী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। হামলাকারীদের মধ্যে স্থানীয় বিজেপি বিধায়কের সমর্থকরাও ছিল বলে তিনি দাবি করেন।
আরেক সাংবাদিক রোশনি হাওকিপ এই ঘটনার সমালোচনা করে বলেন, এটি ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে সরকারের ব্যর্থতারই প্রতিফলন। প্রশাসনের এই নীরবতা ভবিষ্যতে আরও হামলায় উৎসাহ জোগাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
উড়িষ্যায় খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার প্রেক্ষাপটেই গির্জা ভাঙার এই ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালের ৯ জুন কোরাপুট জেলার নারায়ণপাটনা ও বান্ধুগাঁও ব্লকের খ্রিস্টান পরিবারগুলোর বাড়িঘরে হামলা চালানো হলে তারা ঘরবাড়ি ছেড়ে পাশের জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন।
গত ২৩ আগস্ট কন্ধমাল জেলায় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতারা জেলাটিকে ‘গির্জামুক্ত’ করার, ক্রুশ চিহ্ন সরিয়ে স্বস্তিকা চিহ্ন বসানোর, গির্জাগুলোকে ‘ভাগবত টুঙ্গি’তে রূপান্তর করার এবং মানুষকে বাইবেল পড়তে বাধা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি তারা পাস্টরদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ারও দাবি জানান। এর আগে ৫ মার্চ আদিবাসী হিন্দু গ্রামবাসীদের একটি দল উড়িষ্যার একটি পেন্টেকোস্টাল গির্জায় হামলা ও ভাঙচুর চালায়।
রাজ্যটিতে অতীতেও খ্রিস্টানবিরোধী ভয়াবহ সহিংসতার ইতিহাস রয়েছে। ২০০৮ সালে কন্ধমাল জেলায় উগ্র হিন্দুত্ববাদী জনতার পরিকল্পিত হামলায় শত শত খ্রিস্টান নিহত হন এবং আনুমানিক ৭৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হন। ওই সহিংসতায় ৬০০টিরও বেশি গ্রাম এবং কয়েকশ গির্জা ধ্বংস করা হয়েছিল। এছাড়া, ১৯৯৯ সালে রাজ্যের কেওনঝড় জেলায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তার দুই ছেলেকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন