প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু করে দক্ষিণের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পাড়ি দিয়েছেন মানিকগঞ্জের দুই যুবক। এই দীর্ঘ যাত্রায় একের পর এক জেলা, সড়ক এবং নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। তাদের যাত্রা কোনো যানবাহনে নয়, বরং পায়ে হেঁটেই সম্পন্ন হয়েছে।
মাত্র ২৮ দিনে তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছেছেন। এই পথে তারা ১৬টি জেলা অতিক্রম করেছেন। তাদের এই ব্যতিক্রমী ভ্রমণে কখনো ক্লান্তি, কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো রাতের থাকার জায়গা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু কোনো কিছুই তাদের থামাতে পারেনি।
এই দুই তরুণ হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের অনার্স শেষ করা শিক্ষার্থী আব্দুল আহাদ হৃদয় এবং অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রুবাই হাসান।
গত ৯ আগস্ট দুপুরে তাদের যাত্রা শুরু হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে। তাদের লক্ষ্য ছিল দেশের সর্বদক্ষিণের টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে পৌঁছানো। ২৮ দিনের পথচলা শেষে তারা গত ৭ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছান।
তাদের এই যাত্রার উদ্দেশ্য ছিল শুধু দূরত্ব অতিক্রম করা নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন কাছ থেকে দেখা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন জায়গা সম্পর্কে জানার আগ্রহ।
তবে পরিকল্পনাটি বাস্তবায়নের পথ ছিল সহজ নয়। প্রতিদিন দীর্ঘ সময় হাঁটতে গিয়ে পায়ে ব্যথা ও ক্লান্তির পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় পড়তে হয়েছে। রাতে থাকার জায়গা খুঁজে পাওয়ার চ্যালেঞ্জও ছিল। কখনো তারা মসজিদে থেকেছেন, আবার কখনো পুলিশের সহায়তায় থানায় আশ্রয় নিতে হয়েছে।
এসব প্রতিকূলতার মধ্যেও গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য থেকে তারা সরে আসেননি। সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ হৃদয় বলেন, "আমরা ৯ আগস্ট দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করি। প্রথমদিকে বেশ ভালোই যাচ্ছিল। পরবর্তীতে রাতে থাকা নিয়ে সমস্যা হয়েছে। একদিন ছিলাম মসজিদে, অন্যদিন একটি থানায় গিয়ে পুলিশের সহায়তায় আশ্রয় পেয়েছি।"
তিনি আরও বলেন, "পথিমধ্যে বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতার মধ্যেও পড়তে হয়েছে। এর আগেও আমি ৪৯টি জেলা ভ্রমণ করেছি।" তাদের ব্যক্তিগত আগ্রহও ছিল দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পেছনে। ভ্রমণের মাধ্যমে নতুন স্থান দেখা এবং দেশের মানুষ ও জনপদকে কাছ থেকে জানার সুযোগ তৈরি করতেই তারা এই ব্যতিক্রমী পথ বেছে নেন।
সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রুবাই হাসান বলেন, "আমার মূলত বিভিন্ন হবিস বা শখ এক্সপ্লোর করার নেশা। যার জন্য হচ্ছে বর্তমানে এই ঘোরাফেরার প্রতি প্যাশন কাজ করছে।" তিনি জানান, "ভাই বলল চল কোথাও থেকে ঘুরে আসি। সবাই তো ঘুরাফেরা করে, আমরা একটা এক্সট্রিম কিছু করার প্ল্যান করলাম।"
আব্দুল আহাদ হৃদয় ও মো. রুবাই হাসানের এই যাত্রার পেছনে ছিল দীর্ঘদিনের ভ্রমণপ্রীতি। আহাদ হৃদয় এর আগেও দেশের ৪৯টি জেলা ভ্রমণ করেছেন। এবার ছোট ভাই ও সহপাঠী রুবাইকে সঙ্গে নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেন তিনি।
এই দীর্ঘ যাত্রায় তাদের প্রতিদিনের খরচও নিজেদের বহন করতে হয়েছে। পুরো যাত্রায় জনপ্রতি প্রায় ২০ হাজার টাকা করে খরচ হয়েছে। শুরুতে পরিবারের পক্ষ থেকে খুব একটা উৎসাহ না থাকলেও শেষ পর্যন্ত সফলভাবে যাত্রা শেষ করে বাড়ি ফেরায় পরিবারের সদস্যরা আনন্দিত হন।
আব্দুল আহাদ হৃদয়ের পরিবার থেকেও এই যাত্রায় সহযোগিতা ছিল বলে জানান তিনি। তিনি বলেন, "মানুষের জীবনযাপনকে কাছ থেকে দেখা এবং নতুন মানুষ ও নতুন স্থান সম্পর্কে জানার আগ্রহ থেকেই এমন যাত্রার চিন্তা আসে।"
তাদের এই ব্যতিক্রমী যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর বন্ধু, সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। মাত্র ২৮ দিনে পায়ে হেঁটে ৯৫৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়াকে তারা দেখছেন ভিন্নধর্মী এক অভিজ্ঞতা হিসেবে।
দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী দীপক বলেন, "তাদের এই অর্জন তরুণ যুবকদের অনুপ্রেরণা জোগাবে।" মো. রুবাই হাসানের সহপাঠী সাদিয়া বলেন, "আমরা খুবই প্রাউড ফিল করছি, আমাদের দুজন বন্ধু তারা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ নিয়েছিল।"
বাংলাবান্ধা থেকে টেকনাফ-দীর্ঘ এই পথচলায় তারা শুধু একটি দূরত্বই অতিক্রম করেননি; পথে দেখেছেন দেশের নানা প্রান্তের মানুষের জীবনযাপন, পরিচিত হয়েছেন নতুন মানুষের সঙ্গে, পেয়েছেন নানা ধরনের অভিজ্ঞতা।
কখনো শারীরিক কষ্ট, কখনো থাকার অনিশ্চয়তা, আবার কখনো মানুষের কটু কথার মধ্যেও হাঁটা থামাননি মানিকগঞ্জের এই দুই যুবক। শেষ পর্যন্ত ২৮ দিনের সেই পথচলা শেষ হয়েছে টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টে গিয়ে।
তাদের কাছে ৯৫৬ কিলোমিটারের এই যাত্রা হয়ে থাকল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে পায়ে হেঁটে দেখার এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন