প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি যে, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ৫৫ মিনিটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে, আটকের আগে জ্যোতিকা জ্যোতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিকবার লাইভে আসেন। সেখানে তিনি বলেন, পুলিশ কেন তাকে নিতে এসেছে, সে বিষয়ে তিনি জানেন না এবং বিনা ওয়ারেন্টে আটকের অভিযোগ তোলেন।
জানা গেছে, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে বিতর্ক সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা। উল্লেখ্য, ওই গ্রুপের সদস্যদের তালিকায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
বিতর্কের পর ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও আপডেট জানাতেই তিনি সেখানে যুক্ত ছিলেন। তিনি বলেন, "কোনো শিল্পী মানুষ হত্যার সমর্থন করতে পারেন না।"
এ ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। একপর্যায়ে তিনি কার্যালয় ত্যাগ করেন। পরে ওই বছরের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
সর্বশেষ গত ২৬ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগ জমা দেন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন