প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেছেন, এই পরিকল্পনার আওতায় দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে। এই কার্যক্রম শিগগিরই শুরু হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা করেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
আমিনুল হক বলেন, খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।
তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সব অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন