প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার সময় প্রধান শিক্ষককে নিজ কক্ষে বসে মদ্যপান ও মাতলামি করতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রধান শিক্ষককে শোকজ করেছে।
৪ মিনিট ১৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে বিষণ্ণ অবস্থায় দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল এবং সংবাদ পেয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন।
সাংবাদিকদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, 'মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। হয়তো কেউ আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।' একপর্যায়ে, তিনি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করেন। পরে, খবর পেয়ে তার স্বজনরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, 'রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশে তাদের বাড়ি। দীর্ঘদিন ধরেই তিনি নিজ কক্ষে বসে মদপান করে চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যে কারণে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহস পায় না।' তবে তিনি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে এমন জঘন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, 'সোশ্যাল মিডিয়ায় নুকালী বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর গতকালই ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন।'
তিনি আরও বলেন, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন