প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির লাশ। তাকে পিটিয়ে এবং পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. সগীর (৪৫)। তিনি লামা উপজেলার পূর্ব শিলেরতুয়া এলাকার ছামাইঝিরির বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। মো. সগীর পেশায় ছিলেন দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রূপসীপাড়া বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হাতিরঝিরি এলাকায় একটি জুমখেতের পাশের গহিন জঙ্গলে লাশটি পড়ে ছিল। সকালে একজন ম্রো জুমচাষি তার সঙ্গে থাকা কুকুরের মাধ্যমে লাশটির সন্ধান পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, মো. সগীরকে সর্বশেষ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রূপসীপাড়া বাজারে দেখেছেন। তার শরীরে মারধরের আঘাত রয়েছে। তাকে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ওই দিনমজুরকে কেন বা কারা হত্যা করেছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন