প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশনা প্রদান করেছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়।
অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে এই টিমগুলো গঠন করতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রতিটি জেলায় কিউআরটি গঠন করা আবশ্যক। এই টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কিউআরটি সদস্যদের অংশগ্রহণে নিয়মিতভাবে মাদক এবং অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়ার আয়োজন করতে হবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এসব অভিযান এবং মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও ফোর্সের পরিসংখ্যান এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।
চিঠির কার্যার্থে সব জেলার পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে জেলা পর্যায়ে বিচ্ছিন্নভাবে থাকা পুলিশের বিভিন্ন ইউনিটকে একত্র করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর জন্য একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন