প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সন্তান হারানোর বেদনা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের নিকটবর্তী এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে এই প্রশ্ন উত্থাপন করেছে। সদ্যোজাত শাবককে হারিয়ে প্রায় দুই দিন ধরে মা তিমিটি শাবকটির কাছাকাছি অবস্থান করে এবং তাকে বারবার স্পর্শ করার ঘটনা বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ১৭ জুলাই। অস্ট্রেলিয়ার পাম বিচের কাছের সমুদ্রে প্রথমে দুটি পূর্ণবয়স্ক হাম্পব্যাক তিমিকে দেখা যায়। কিছু সময় পর একটি তিমি শাবকের জন্ম দেয়। তবে শাবকটির শরীরে জন্মের পর নড়াচড়া কিংবা শ্বাসপ্রশ্বাসের কোনো লক্ষণ দেখা যায়নি। এক পর্যায়ে শাবকটি সমুদ্রের পানিতে তলিয়ে যায়।
এরপর নজরে আসে মা তিমির অস্বাভাবিক আচরণ। শাবকটিকে ছেড়ে দূরে সরে না গিয়ে বারবার সমুদ্রের গভীরে ডুব দিচ্ছিল মা তিমিটি। কখনো মাথা দিয়ে, কখনো বুকের লম্বা পাখনা দিয়ে প্রাণহীন শাবকটিকে স্পর্শ করছিল। এমনকি শাবকের চোখের কাছাকাছি নিজের চোখ রেখে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকার দৃশ্যও গবেষকদের দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
গবেষকদের ক্যামেরায় এই বিরল মুহূর্তগুলো ধরা পড়ে। প্রায় দুই ঘণ্টার পর্যবেক্ষণে মা তিমির এমন আচরণ নথিবদ্ধ করা হয়। পরবর্তী দুই দিনও ওই এলাকায় দুটি বড় তিমির উপস্থিতির খবর পাওয়া যায়। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষকদের পর্যবেক্ষণ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রটি ডিসকভার অ্যানিম্যালস সাময়িকীতে স্থান পায়।
গবেষকদের মতে, ডলফিনসহ কিছু দাঁতওয়ালা তিমির মধ্যে মৃত শাবককে ঘিরে এ ধরনের আচরণ আগেও দেখা গেছে। তবে হাম্পব্যাক তিমির ক্ষেত্রে এমন ঘটনা তুলনামূলকভাবে বিরল। শাবককে বারবার স্পর্শ করা এবং তার কাছাকাছি অবস্থান করার আচরণ মা ও শাবকের গভীর বন্ধনের ইঙ্গিত দিতে পারে।
তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায়, মা তিমিটি কি সত্যিই মানুষের মতো শোক অনুভব করছিল? নাকি শাবকের প্রতি সহজাত যত্নের প্রবৃত্তি থেকেই এমন আচরণ করছিল? পর্যবেক্ষণ থেকে নিশ্চিতভাবে এর উত্তর দেওয়া সম্ভব হয়নি।
প্রাণীদের আবেগ ও শোক নিয়ে গবেষণায় এই ধরনের ঘটনা গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হয়। তবে কোনো প্রাণীর আচরণকে মানুষের শোকের সঙ্গে পুরোপুরি এক করে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। মা তিমির এই আচরণ একদিকে যেমন মাতৃত্বের গভীর বন্ধনের সম্ভাব্য ইঙ্গিত দেয়, অন্যদিকে তেমনি প্রাণীদের আবেগ সম্পর্কে বিজ্ঞানের সামনে নতুন প্রশ্নও তুলে ধরে।
অতল সমুদ্রের বুকে ঘটে যাওয়া এই দৃশ্য মনে করিয়ে দেয়, প্রাণিজগতের আবেগ ও আচরণের অনেক কিছুই এখনো মানুষের অজানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন