প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সাবেক সতীর্থ উসমান খাওয়াজার দাবি, দক্ষিণ আফ্রিকা সফরের সময় অস্ট্রেলিয়া দলের সকল সদস্য বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। তবে বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এই অভিযোগকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে খারিজ করেছেন। অন্যদিকে, খাওয়াজার বক্তব্যের সমর্থন করেছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
খাওয়াজা সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী সাবর-এ ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনা সম্পর্কে নতুন তথ্য উপস্থাপন করেন। তাঁর দাবি, কেবল ক্যামেরন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারই নয়, দলের অন্যান্য খেলোয়াড়রাও এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন। ঐ ঘটনায় শুধুমাত্র এই তিনজনকে শাস্তি দেওয়া হয়েছিল। ব্যানক্রফটকে নয় মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে এক বছর করে নিষিদ্ধ করা হয়েছিল। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা বিষয়টি জানতেন না বলে দাবি করেছিলেন।
শুক্রবার সিডনিতে এক ঘণ্টার বেশি সময় ধরে সংবাদ সম্মেলন করেন কামিন্স। সেখানে তিনি বলেন, ‘যদি খাওয়াজা বোঝাতে চান যে আমরা সবাই জানতাম মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তিনি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি।’ কামিন্স আরও বলেন, ‘আমি জানতাম না যে এমন কিছু ঘটছে। তবে উসমান তাঁর বইয়ে আরও গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, আমি ও অন্যরা স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনার নেপথ্যে ছিলাম। এটা পুরোপুরি ভিত্তিহীন।’
২০২১ সালে কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, বলের সুইং বাড়ানোর উদ্দেশ্যে কোনো বিদেশি পদার্থ মাঠে নেওয়ার বিষয়ে তাঁরা অবগত ছিলেন না। কামিন্স এই অবস্থান থেকে সরে আসেননি। তাঁর অভিযোগ, খাওয়াজা সাবেক সতীর্থদের জীবন ও সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে এমন দায়িত্বহীন হতে পারে না। তাঁর বইয়ে তিনি আমার এবং আরও অনেকের জীবন নিয়ে এমন মন্তব্য করেছেন। আমার মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রতিও তিনি দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক অভিযোগের জবাবে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। তাঁর ভাষায়, কিছু বক্তব্য মানহানিকর হতে পারে বলে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তিনি আট বছর আগের ঘটনা নিয়ে আর সামনে এগোতে চান না।
অন্যদিকে, খাওয়াজার বক্তব্যকে সমর্থন করেছেন ওয়ার্নার। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি এখনো উজির (খাওয়াজা) পাশে আছি। তাঁর বইয়ে যা লেখা হয়েছে, সেটাই সত্য। আমি তাঁকে পুরোপুরি সমর্থন করি।’ কামিন্সের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় ওয়ার্নারের অভিযোগ, তিনি খাওয়াজাকে বিপদে ঠেলে দিয়েছেন।
ওয়ার্নার বলেন, এই ঘটনায় তিনজনকেই বড় মূল্য দিতে হয়েছে। আট বছর ধরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও প্রতিদিন এর পরিণতি তাঁদের ভোগ করতে হচ্ছে। তিনি নিজের পরিবারের ওপর এর প্রভাবের কথাও তুলে ধরেন। ওয়ার্নারের দাবি, ওই সময় তাঁর স্ত্রী ক্যান্ডিসের গর্ভপাত হয়েছিল। তাঁর মতে, এই ঘটনার সবচেয়ে বড় ব্যক্তিগত মূল্য দিয়েছে তাঁর পরিবার।
অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্কও খাওয়াজার বক্তব্যের সঙ্গে একমত নন। তাঁর দাবি, আট বছর আগের ঘটনা নিয়ে নিজের স্মৃতিতে কোনো পরিবর্তন আসেনি। ২০২১ সালের যৌথ বিবৃতিতে যা বলা হয়েছিল, এখনো সেই অবস্থানেই রয়েছেন তিনি। স্টার্ক জানিয়েছেন, খাওয়াজার বইটি তিনি পড়েননি এবং পড়ার পরিকল্পনাও নেই।
২০১৮ সালের কেপটাউন টেস্টের বিতর্ক নতুন করে সামনে আসায় অস্ট্রেলিয়ার ক্রিকেটে পুরোনো ক্ষত আবারও আলোচনায় এসেছে। সামনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ থাকায় এই বিতর্কের প্রভাব দলটির পরিবেশে কতটা পড়ে, সেটিও এখন আলোচনার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন