প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যখন গরুর মাংসের দাম সাধারণ মানুষের জন্য নাগালের বাইরে চলে গেছে, তখন সিরাজগঞ্জে একটি ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি মিলছে। মো. আব্দুস সাত্তার নামে এক খামারি মাত্র ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন।
সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে প্রতি শুক্রবার তিনি নিজের খামারের দেশি ষাঁড় জবাই করে সাধারণ মানুষের কাছে এই স্বল্পমূল্যে মাংস বিক্রি করেন। বাজারদরের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে স্থানীয় সাধারণ মানুষ খুশি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেখানে অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে, সেখানে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রির এই উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তাই প্রতি শুক্রবার সকাল থেকেই মাংস কিনতে ভিড় করেন স্থানীয় ক্রেতারা।
জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে হাজী মো. আব্দুস সাত্তার ইতোমধ্যে 'আব্দুস সাত্তার ফাউন্ডেশন' নামে একটি সংস্থা গড়ে তুলেছেন। তিনি জানান, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল উদ্দেশ্য। আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান তিনি।
আব্দুস সাত্তার আরও বলেন, "আমার গরুর ফার্ম আছে, এটা আল্লাহর দেওয়া সম্পদ। অনেক গরু বড় হয়ে গেছে। তাই স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি শুক্রবার আমার ফার্মের চার-পাঁচটি গরু জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করব।"
স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে স্থানীয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, মানুষের স্বার্থে নেওয়া এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
হাজী মো. আব্দুস সাত্তার বলেন, "যারা মাংস নিতে আসছেন, তারা প্রত্যেকেই খুশি। প্রত্যেকটা ভালো কাজেই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার। সবকিছুর মালিক তো আল্লাহপাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার সিরাজগঞ্জ জেলা ও পৌরবাসীর জন্য দোয়া থাকবে। সবাই মিলে-মিশে ভালো থাকব।"
মানুষের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন