প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর আদালত নির্ধারণ করেছেন।
আজ রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। ওই দিন আসামিপক্ষের আইনজীবী অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তিনি সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন গ্রহণ করে আগামী ২৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন।
শুনানির সময় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, আসাদুজ্জামান খান কামালসহ তিনজন পলাতক অবস্থায় রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এছাড়া, এই আসামি ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন