প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শনিবার বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে।
গত কয়েক সপ্তাহের বিরতির পর চলতি সপ্তাহে উপসাগরীয় দেশ বাহরাইনে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এই সংঘাতের সূচনা ঘটে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে।
তেহরান থেকে এএফপি বার্তা সংস্থা জানায়, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘ইরানের নৃশংস হামলার ফলে একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।’
তবে মন্ত্রণালয় হামলার স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, তারা বাহরাইনের পূর্ব উপকূলের সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। দ্বীপটিতে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো পরিচালিত একটি শোধনাগারসহ বেশ কয়েকটি শিল্প স্থাপনা রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ‘অভিযানের অংশ হিসেবে বাহরাইনের আল-রিফা এবং আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।’
তারা আরও জানায়, মার্কিন সেনাবাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুটি রাডারে আঘাত হানা হয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাবে ‘কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ’ নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।
এদিকে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানার ঘটনা ঘটেছে। এই প্রণালি অচলাবস্থায় থাকা মধ্যপ্রাচ্যের সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথে অবরোধ অব্যাহত রাখার চেষ্টা করছে ইরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিচ্ছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো। পাশাপাশি, ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধও বজায় রেখেছে ওয়াশিংটন।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার জানান, আগের সন্ধ্যায় কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করে। সেখানে তারা দুই ঘণ্টা বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘অঞ্চলে চলমান আলোচনাকে সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে যুক্তিসংগত উপায়ে অবরোধ তুলে নিতে হবে।’ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ে আলোচনা কিংবা এটি খুলে দেওয়ার বিষয়টি অর্থহীন।’
ইরানের দাবির মধ্যে রয়েছে—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, দেশটির জব্দ করা সম্পদ অবমুক্ত, তেলবাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের অবসান।
ইরানের দাবি, ড্রোন ভূপাতিত-
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও শনিবার জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে। সংস্থাটি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপর একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষেও আঘাত হানা হয়েছে।
পরে ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করে মাইনের আঘাতে একটি জাহাজে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, জাহাজটি সতর্কবার্তা ও সমুদ্রপথে চলাচলের নিয়ম উপেক্ষা করে তার পরিচয় শনাক্তকরণ ও নৌচলাচল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল।
গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন লাগার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে তেহরান। এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই মাইনের আঘাতের কথা দাবি করেছে দেশটি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, জলপথটির প্রধান নৌপথ থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে।
অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড গত মাসে জানায়, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে তারা সহায়তা করেছে।
এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শনিবার হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান।
‘স্পষ্ট সীমারেখা রয়েছে’-
গত আগস্টে ইরানের বাণিজ্য ও আর্থিক লেনদেন সীমিত করতে ওয়াশিংটন ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান শুরুর ঘোষণা দেয়। ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, গারিবাবাদি শনিবার বলেন, ‘আমরা অর্থনৈতিক অবরোধকে যুদ্ধের শামিল বলে মনে করি। এটি তুলে নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’
তিনি আরও বলেন, ‘মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে অবগত।’ রাষ্ট্রীয় সংবাদপত্র ইরান ডেইলিতে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাকচি আবারও বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে নিতে দেবে না তেহরান।
ইরানের পরমাণু কর্মসূচি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধপূর্ণ বিষয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
আরাকচি বলেন, ‘আমি মনে করি, এর একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তবে আমাদের কিছু স্পষ্ট সীমারেখা রয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের উপাদান দেশের বাইরে নেওয়া হবে না।’
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশটির জ্বালানি অবকাঠামোয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় জ্বালানি সংকট আরও বেড়েছে। ফলে আসন্ন শীত মৌসুমে দুর্ভোগ বাড়তে পারে।
ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রোববার থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তিনি বলেন, ‘দেশের জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতির কারণে বাধ্য হয়ে বিদ্যুৎ খাতে সরবরাহ সীমিত করতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন