প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন যে জামায়াত-এনসিপি জোটের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হোটেল ইমেক্স মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য ও সমালোচনা থাকবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। জনগণ তথ্যভিত্তিক, ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে।
তিনি যোগ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা বিভ্রান্তি ছড়িয়ে জনগণের আস্থা নষ্ট করার অপচেষ্টা কখনো সফল হবে না।
সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উস্কানিমূলক বক্তব্য, ব্যক্তিগত কটাক্ষ ও অসত্য প্রচার থেকে বিরত থেকে তথ্য, যুক্তি ও রাজনৈতিক শালীনতার ভিত্তিতে বক্তব্য প্রদান করুন। গণতন্ত্রে মতের প্রতিযোগিতা থাকবে, তবে তা অবশ্যই হতে হবে শালীন, দায়িত্বশীল ও জনগণের কল্যাণমুখী।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেন, সম্প্রতি হালুয়াঘাটে এনসিপির এক সমাবেশে দলের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তারেক রহমান ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তারা এ বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থি বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন