প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজপথে ২০টি বছর পার করেছেন যৌবনের সোনালি দিনগুলো। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ছিলেন তিনি। মিছিলের অগ্রভাগে থেকে দুই দশক ধরে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, গত ১৭ বছরের ফ্যাসিস্টদের রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলার ভয়ংকর দিনগুলোতে ৭টি মামলার বোঝা কাঁধে নিয়ে লড়াই করেছেন। তবে সময়ের নির্মম ক্যানভাসে সেই ত্যাগের মূল্য আজ কঠিন জীবিকার সংগ্রামে পরিণত হয়েছে। ছাত্রদলের একসময়ের রাজপথ কাঁপানো সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল এখন দলের সুসময়েও বেঁচে থাকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন।
হাসিনা সরকারের দুঃসময়ে হামলা-মামলার মুখোমুখি হয়ে জীবন বাঁচানো কঠিন হয়ে পড়লে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর এলাকা ছাড়তে বাধ্য হন মুকুল। বর্তমানে যশোরের টালিখোলায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি যশোর শহরের রাস্তায় ইজিবাইক নিয়ে নামেন।
দীর্ঘদিন ইজিবাইক চালাতে চালাতে দুর্ঘটনায় তাঁর কোমর ও মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। মারাত্মক শারীরিক যাতনা সত্ত্বেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা পাননি। যা কিছু উপার্জন করেন, তার পুরোটাই সন্তানদের পড়াশোনায় ব্যয় করেন। বড় ছেলে সাজিদ হাসান রিফাত (রিয়ান) সরকারি এমএম কলেজে ইংরেজিতে অনার্স করছেন এবং ছোট ছেলে সোয়াদ হাসান রাফিন পুলিশ লাইনস স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।
রাজনীতিতে সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতার আত্মমর্যাদাবোধ অটুট রয়েছে। ইজিবাইক চালিয়ে সংসার চালানোর বিষয়টি তাঁর কাছে লজ্জার কিছু নয়, তবে মনের কোণে জমে আছে এক বুক নীরব কষ্ট ও বেঁচে থাকার আকুতি।
বাষ্পরুদ্ধ কণ্ঠে সাবেক এই ছাত্রনেতা বলেন, "ছাত্রদল আমাকে পরিচয় দিয়েছে, আমার পুরো যৌবন গেছে দলের পেছনে। ক্ষমতার রাজনীতি করিনি, অপকর্মে জড়াইনি, সব সময় সৎ পথে থেকেছি বলেই আজও মানুষ ভালোবাসে। জীবন তো শেষই হয়ে গেল, দলের কাছে আমার আর ব্যক্তিগত কিছু চাওয়ার বা পাওয়ার নেই। কেবল বড় ছেলেটার একটা চাকরি হলে আবার গ্রামে ফিরে রাজনীতিতে নামার ইচ্ছা আছে।"
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মুকুলের ভক্তি ও ভালোবাসার গভীরতা ফুটে ওঠে তাঁর এক স্মৃতিকথায়। তিনি জানান, ছেলের প্রাইভেট পড়ানোর জমানো সামান্য টাকা দিয়ে ঢাকায় গিয়ে তিনি মরহুম বেগম জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন। বড় ছেলে তাঁকে এই টাকা দিয়েছিল। বর্তমানে এই সাবেক ছাত্রনেতার চোখ জুড়ে একমাত্র স্বপ্ন-বড় ছেলের একটা গতি হওয়া। তিনি ছেলের জন্য একটি সরকারি চাকরি প্রত্যাশা করেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, যিনি মুকুলের সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন, স্মৃতিচারণ করে বলেন, "মুকুল অত্যন্ত সৎ এবং ত্যাগী একজন নেতা ছিল। বিগত আওয়ামী লীগের আমলে ডজনখানেক মামলার খড়্গ নিয়ে ওকে এলাকা ছাড়তে হয়। এত কষ্টের মধ্যেও এখনো যশোর থেকে এসে দলের কর্মসূচিতে যোগ দেয়। মুকুলের মতো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার পরিবারের পাশে দলের দাঁড়ানো উচিত। তাঁর যোগ্য সন্তানটির একটি কর্মসংস্থান হলে এই পরিবারটির চরম দুর্দশা ঘুচবে।"
এদিকে মুকুলের ইজিবাইক চালানোর কথা জানতে পেরে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁকে ডেকে এনে আর্থিক সহায়তা করেছেন। মুকুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর দুই ছেলের পড়ালেখার দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন